নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে পর্যটন ব্যবসায় নামছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। তারা এজন্য শিলিগুড়ি ডিভিশনে চালু করেছে পর্যটন সেল। সোমবার তেনজিং নোরগে বাস টার্মিনাসে তিনটি ডরমিটরি ও একটি লাউঞ্জের উদ্বোধনের পর একথা বলেন অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। তিনি বলেন, পুজোর আগেই শিলিগুড়ি থেকে পাহাড়, জঙ্গল, চা বাগান, হেরিটেজ শহর নিয়ে প্যাকেজ ট্যুর চালু করা হবে। সেই সঙ্গে চালু করা হবে বাস-ট্যাক্সি পরিষেবা। এতে নিগমের আয় যেমন বাড়বে, তেমনই ভ্রমণ পিপাসুদেরও সুবিধা হবে।
দীর্ঘদিন ধরে বিক্ষিপ্তভাবে প্যাকেজ ট্যুর চালাচ্ছে এনবিএসটিসি। কখনও কোচবিহার, কখনও জলপাইগুড়ি, আবার কখনও শিলিগুড়ি থেকে এমন ট্যুর করা হয়েছে। যা কেবলমাত্র পুজোর মরশুমেই হয়। এবার তারা বছরভর প্যাকেজ ট্যুর চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বেছে নেওয়া হয়েছে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়িকে। ইতিমধ্যে নিগমের শিলিগুড়ি ডিভিশনে করা হয়েছে পর্যটন সেল। যার অফিস তেনজিং নোরগে বাস টার্মিনাসে।
নিগম সূত্রে খবর, ওই সেল পরিচালনার জন্য আপাতত পাঁচজন কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা ডরমিটরি, লাউঞ্জের পাশাপাশি প্যাকেজ ট্যুর পরিচালনা করবেন। ভবিষ্যতে এ ব্যাপারে পর্যটন দপ্তরের সহায়তাও নেওয়া হবে। পরিবহণ প্রতিমন্ত্রী বলেন, দু’টি ডরমিটরি সাধারণ মানুষের এবং একটি নিগমের রানিং স্টাফদের জন্য। লাউঞ্জে টিভি, ডরমিটরিতে মোবাইল ফোনের চার্জিং পয়েন্ট সহ যাবতীয় ব্যবস্থা থাকছে। ভবিষ্যতে ক্যাফেটেরিয়া হবে। শীঘ্রই পর্যটকদের জন্য চালু হবে প্যাকেজ ট্যুর। দুর্গাপুজোতে দু’দিন পরিক্রমাও করা হবে।
এনবিএসটিসির চারটি ডিভিশনের মধ্যে শিলিগুড়ি ডিভিশনের গুরুত্ব অপরিসীম। এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, প্রতিবেশী রাজ্য সিকিম, বিহার, অসম এবং প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সহজে যোগাযোগ করা সম্ভব। এমন ভৌগোলিক অবস্থানের জেরেই ইতিমধ্যে নিগম কর্তৃপক্ষ তিনটি প্যাকেজ ট্যুরের রুট চিহ্নিত করেছে। নিগম সূত্রের খবর, দু’দিনে শিলিগুড়ি থেকে জলঢাকা, বিন্দু ও ডুয়ার্স, দু’দিনে শিলিগুড়ি, জলদাপাড়া, চিলাপাতা, বক্সা-জয়ান্তি, দু’দিনে শিলিগুড়ি, হেরিটেজ টাউন কোচবিহার ও চিলাপাতা, একদিনে শিলিগুড়ি-মংপু, শিলিগুড়ি-সামসিং, সুনতালেখোলা, রকি আইল্যান্ড এবং শিলিগুড়ি-মিরিক লেক ও চা বাগান পরিক্রমা করানো হবে।
নিগমের এক অফিসার বলেন, শীঘ্রই সংশ্লিষ্ট প্যাকেজ ট্যুরগুলির ভাড়া নির্ধারণ করা হবে। বিভাগীয় প্রতিমন্ত্রী বলেন, এজন্য বাসের অভাব হবে না। পুজোর আগেই সিএনজি ও ইলেকট্রিক মিলিয়ে ৬০০ বাস রাস্তায় নামানো হবে। এরবাইরে ৩৬ আসন বিশিষ্ট বাস নিয়ে চালু করা হবে বাস-ট্যাক্সি পরিষেবা। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও নিগমের শিলিগুড়ির ডিভিশনাল ম্যানেজার শৌভিক দে, আরটিও মিলটন দাস সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন।