ম্যাচের অষ্টম ওভার। স্কট বোল্যান্ডের প্রথম ডেলিভারিই বিব্রত করল লোকেশ রাহুলকে। অজি ফিল্ডারদের ক্যাচের আবেদনে সাড়া দিয়ে আঙুল তুললেন আম্পায়ার। রাহুল সঙ্গে সঙ্গে হাঁটতে থাকলেন ড্রেসিং-রুমের উদ্দেশে। বিরাট কোহলিও মাঠে নামার জন্য তৈরি হয়ে এগিয়ে এলেন। এই সময়ই নাটক। তৃতীয় আম্পায়ার হয়ে উঠলেন রাহুলের রক্ষাকর্তা। দেখা গেল ওটি নো-বল। তাই ক্যাচের প্রশ্নই নেই। আরও আশ্চর্যের হল, স্নিকোমিটারে ধরা পড়ল না খোঁচার চিহ্ন। অর্থাৎ, নো-বল না হলেও বেঁচে যেতেন রাহুল। সেক্ষেত্রে তাঁকে অবশ্য রিভিউ নিতে হতো। মজার হল, রাহুল কিন্তু বুঝতেই পারেননি যে বলের ছোঁয়া পায়নি তাঁর ব্যাট। তিনি যে মাঠ ছেড়ে বেরিয়েই আসছিলেন!



