Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সমবায় সপ্তাহ’ কর্মসূচিতে সমিতির  সদস্যদের স্বচ্ছতার পাঠ দেবে নবান্ন

২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সমবায় সপ্তাহে রাজ্যের সমবায় সমিতিগুলিতে স্বচ্ছতার পাঠ দেওয়া হবে। বিস্তারিত পড়ুন।

‘সমবায় সপ্তাহ’ কর্মসূচিতে সমিতির  সদস্যদের স্বচ্ছতার পাঠ দেবে নবান্ন
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সমবায় মন্ত্রকের প্রতিষ্ঠার পাঁচবছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘সমবায় সপ্তাহ’। পশ্চিমবঙ্গেও এই কর্মসূচি পালনের জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সমবায় দপ্তর। সপ্তাহজুড়ে একাধিক করসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে অন্যতম হল হিসাবরক্ষণ, নিরীক্ষা ও অডিট কমপ্লায়েন্স সংক্রান্ত কর্মশালা। রাজ্যের সমবায় সমিতিগুলিতে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। যার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের নতুন সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। আর সেই কারণেই এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানে স্বচ্ছতার পাঠ পড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। 

Advertisement

স্বচ্ছতার পাঠ পড়ানো ছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে সচেতনতা শিবির, বৃক্ষরোপণ অভিযান, যুবক-যুবতী ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য সচেতনতা কর্মসূচি, রক্তদান শিবির, সমবায় সমিতির সদস্য ও কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ব্যাংকিং সংক্রান্ত সচেতনতা কর্মসূচি, ভোক্তা সচেতনতা কর্মসূচি, সমবায় সমিতির পরিচালন পর্ষদের সদস্যদের প্রশিক্ষণ ও সচেতনতা কর্মসূচি, হিসাবরক্ষণ, আমানতকারীদের সঙ্গে মতবিনিময় এবং সমবায় সমিতির জন্য আয়কর-জিএসটি বিষয়ক কর্মশালার আয়োজন করা হবে। 
দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যজুড়ে সমবায় আন্দোলনকে আরো শক্তিশালী করা এবং সাধারণ মানুষের মধ্যে সমবায়ের গুরুত্ব তুলে ধরাই এই সপ্তাহব্যাপী উদযাপনের মূল লক্ষ্য।
তবে স্থানীয় প্রয়োজন ও সমবায় সমিতিগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে আরো উপযুক্ত কর্মসূচিও গ্রহণ করা যেতে পারে।
দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট রেঞ্জ অফিসগুলির যুগ্ম, উপ ও সহকারী নিবন্ধকদের রেঞ্জ স্তরের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ব্লক স্তরে সংশ্লিষ্ট ইনস্পেক্টর অব কো-অপারেটিভ সোসাইটিজদের নোডাল অফিসার করা হয়েছে। নোডাল অফিসার মনোনীত হয়েছেন রাজ্য স্তরে যুগ্ম নিবন্ধক (পি অ্যান্ড ডি) ভোলানাথ মণ্ডল।

Advertisement
সম্পর্কিত সংবাদ