Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বাদ যাওয়া ভোটারদের নাম যুক্ত করার দাবিতে নৌশাদের মিছিল, স্বারকলিপি

এসআইআরে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারের নাম যোগ করার দাবিতে শহরে মিছিল করল আইএসএফ। বুধবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এরপর সেখান থেকে আইএসএফের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে স্বারকলিপি জমা দেয়।

বাদ যাওয়া ভোটারদের নাম যুক্ত করার দাবিতে নৌশাদের মিছিল, স্বারকলিপি
  • ২১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে বাদ যাওয়া ২৭ লক্ষ ভোটারের নাম যোগ করার দাবিতে শহরে মিছিল করল আইএসএফ। বুধবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। এরপর সেখান থেকে আইএসএফের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দপ্তরে স্বারকলিপি জমা দেয়।

Advertisement

মিছিলের জেরে শিয়ালদহ, মৌলালি, এস এন ব্যানার্জি রোডে তীব্র যানজট সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেই বিপুল সংখ্যায় আইএসএফ কর্মী-সমর্থকদের উপস্থিতি চোখে পড়ে। ধর্মতলায় সংক্ষিপ্ত সভা থেকে নৌশাদ শাসকদল বিজেপির উপর আক্রমণ করেন। ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান বলেন, ‘রাজ্যে ২৭ লক্ষ ভোটারের নাম বাতিল রেখে ভোট হল। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, আগে ভোটার তারপর ভোট। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ আপনাদের জন্য লড়াই করছে। ভোট শেষ হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে এসআইআরের নাম শুনলাম না। আমাদের একটাই দাবি, দ্রুততার সঙ্গে মামলার নিষ্পত্তি করে ২৭ লক্ষ ভোটারের নাম তুলতে হবে।’ মিছিলে নৌশাদ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বজিত্ মাইতি, নাসিরুদ্দিন মীর প্রমুখ। 
নৌশাদ আরও বলেন, ভোটার তালিকার সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই। নাগরিকত্ব থাকলেই সরকারি সুবিধা পাবে। কমিশনের ব্যর্থতায় মানুষের নাম বাদ গিয়েছে। হাওড়া-শিয়ালদহ স্টেশন সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়েও তিনি সরব হন। তিনি বলেন, ‘সরকারের গঠনমূলক কাজকে সাধুবাদ জানাব। নাগরিকদের বিপক্ষে যেগুলো যাবে, তার জন্য রাস্তায় লড়াই হবে। আইনি লড়াই হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ