Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শুনানিতে অনুপস্থিত, বিশ্বভারতীর উপাচার্যকে আবারও তলব জাতীয় তফসিলি কমিশনের

বিশ্বভারতীর ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছিল

শুনানিতে অনুপস্থিত, বিশ্বভারতীর উপাচার্যকে আবারও তলব জাতীয় তফসিলি কমিশনের
  • ২৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: বিশ্বভারতীর ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের শুনানিতে উপস্থিত না হওয়ায় বিশ্বভারতীর উপাচার্যকে ফের নোটিস পাঠাল জাতীয় তফসিলি জাতি কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে এই নোটিস পাঠানো হয়। গত ২০ আগস্ট শুনানি ছিল। ওই দিন উপাচার্যকে সশরীরে হাজির থাকতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি। বিষয়টি কমিশনের সদস্য পার্থ বিশ্বাস গুরুত্ব দিয়ে দেখেছেন বলে নোটিসে জানানো হয়েছে। এই নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, এখনও শুনানির তারিখ দেওয়া হয়নি। আগামী শুনানির তারিখ কমিশন জানাবে। মহামান্য কমিশন যে নির্দেশ দেবে, বিশ্বভারতী তা পালন করবে।

Advertisement

পরবর্তী শুনানিতে উপাচার্যকে সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছে কমিশন। একই সঙ্গে নিয়োগ সংক্রান্ত প্রয়োজনীয় নথি ও রেকর্ড কমিশনের সামনে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। নোটিসের একটি প্রতিলিপি অভিযোগকারী লিটন বিশ্বাসকেও পাঠানো হয়েছে। যদিও এই নোটিসে পরবর্তী শুনানির তারিখ উল্লেখ নেই। 
উল্লেখ্য, বিশ্বভারতীতে ডেপুটি রেজিস্ট্রার সহ একাধিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আগেই অভিযোগ ওঠে। উত্তর ২৪ পরগনার বাসিন্দা পদপ্রার্থী লিটন বিশ্বাস অভিযোগ করেন, ডেপুটি রেজিস্ট্রার পদে যোগ্যতার অতিরিক্ত শর্ত এমন ভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে নির্দিষ্ট প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়া যায়। অভিযোগের ভিত্তিতে জাতীয় তফসিলি জাতি কমিশন গত ৩০ জুন উচ্চশিক্ষা মন্ত্রকের সচিবকে চিঠি পাঠিয়েছিল। নির্ধারিত সময়ে জবাব না পাওয়ায় ফের চিঠি পাঠানো হয় বলে কমিশনের নথিতে উল্লেখ ছিল। এরই মধ্যে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় প্রশ্ন ওঠে। সেই অভিযোগের শুনানির জন্য ২০ আগস্ট কমিশনের সামনে বিশ্বভারতীর উপাচার্যকে সশরীরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় এবার ফের কড়া বার্তা দিল কমিশন।
নোটিসে আরও বলা হয়েছে, নির্দেশ না মানলে সংবিধানের নির্দিষ্ট ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে পারে কমিশন। প্রয়োজনে দেওয়ানি আদালতের ক্ষমতাও প্রয়োগ করতে পারে কমিশন। কাউকে কমিশনের সামনে হাজির হওয়ার জন্য তলব করতে পারে। প্রয়োজনীয় নথি ও রেকর্ডও চেয়ে পাঠাতে পারে কমিশন এমনটাই উল্লেখ রয়েছে নোটিসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ