আধুনিক জীবনযাত্রায় হৃদরোগ, কিডনির সমস্যা ও বিপাকীয় ব্যাধির ঝুঁকি ও অঙ্গদানের গুরুত্ব সম্পর্কে সচেতন করতে স্বাস্থ্য সেমিনারের আয়োজন করল নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন (নামসা)। অনুষ্ঠানে সংগঠনের প্রেসিডেন্ট ডাঃ অরুণাংশু চক্রবর্তী, সম্পাদক অরুণাভ রায়চৌধুরী ও ডঃ দীপ্তিময় দাসসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ বক্তা ছিলেন স্কুলের প্রাক্তনী ও কলকাতার বিশিষ্ট কিডনি রোগ ও প্রতিস্থাপন বিশেষজ্ঞ ডাঃ উপল সেনগুপ্ত। সিকেএম সিনড্রোম প্রসঙ্গের উল্লেখ করে তিনি জানান, অনিয়মিত জীবনযাপন, ভুল খাদ্যাভ্যাস ও ঘুমের ঘাটতিতে হৃদযন্ত্র, কিডনি ও বিপাকপ্রক্রিয়ার সম্মিলিত সমস্যা ঘরে ঘরে বিষের মতো ছড়াচ্ছে। প্রতিরোধে কার্বোহাইড্রেট কমিয়ে প্রোটিনযুক্ত খাদ্যগ্রহণ উচিত। নিয়মিত শরীরচর্চা ও পর্যাপ্ত ঘুম জরুরি। এও বলেন, একজন ব্রেইন ডেড ব্যক্তি ৮ জন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এবং টিস্যুদানের মাধ্যমে ৫০ জনকে নতুন জীবন দিতে পারেন।



