Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গজুড়ে ৩ লক্ষের বেশি ভোটারের নাম বাদ

রাজ্যে এসআইআরের ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গে প্রায় তিন লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে।

উত্তরবঙ্গজুড়ে ৩ লক্ষের বেশি ভোটারের নাম বাদ
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজ্যে এসআইআরের ভোটার তালিকার প্রথম পর্ব প্রকাশ করেছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গে প্রায় তিন লক্ষের বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে, পাঁচ লক্ষের উপরে ভোটারকে বিবেচনাধীনে রেখেছে কমিশন। যদিও বিচারাধীনে থাকা ওই ভোটারা তালিকায় নাম তোলার জন্য প্রয়োজনীয় নথি দিয়ে আবেদনের সুযোগ পাবেন। এদিকে, তালিকায় নাম না থাকায় সন্ধ্যায় ফালাকাটা ব্লকের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের গলাকাটা গ্রামে কুঞ্জনগর থেকে ন’মাইল যাওয়ার রাস্তা অবরোধ করেন একাংশ বাসিন্দা। কোচবিহার এসডিও অফিসে বিক্ষোভ দেখায় এসইউসিআই। 

Advertisement

কোচবিহারে গত অক্টোবর মাসে খসড়া ভোটার তালিকা থেকে ১  লক্ষ ১৩ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। নতুন করে জেলায় আরও ৮ হাজার ৪২৪ জন ভোটারের নাম বাদ গেল। ফলে এদিন পর্যন্ত কোচবিহার জেলায় ১ লক্ষ ২১ হাজার ৭৯৬ জন ভোটারের নাম বাদ পড়ল। এসডিও অফিস ছাড়াও বিডিও অফিসে তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। সন্ধ্যায় জেলাশাসক রাজু মিশ্র সাংবাদিক সম্মেলন করে বলেন, ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর দেখা গিয়েছে জেলায় প্রায় ২ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম বিচারাধীন রয়েছেন।
প্রতিবেশী আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যায় জেলাশাসক আর বিমলা সাংবাদিক সম্মেলন করে জানান, জেলায় খসড়া ভোটার তালিকায় ১২ লক্ষ ৪ হাজার ২০০ জন ভোটারের নাম ছিল। বিচারাধীন প্রক্রিয়ায় ৮০ হাজার ৪৯৪ জন ভোটারের নাম রয়েছে। খসড়া তালিকায় ৪ হাজার ৪৪৩ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। 
জলপাইগুড়ি জেলায় ইনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছিল ১৯ লক্ষ ১৪ হাজার ২২ জনকে। এর মধ্যে খসড়া তালিকায় নাম ওঠে ১৭ লক্ষ ৮০ হাজার ৯১৫ জনের। মৃত, স্থানান্তরিত ও দু’জায়গায় নাম রয়েছে, এমন ১ লক্ষ ৩৩ হাজার ১০৭ জনের নাম বাদ যায়। ৩ লক্ষ ৫২ হাজার ৮৪২ জনকে শুনানির নোটিশ ধরানো হয়। শনিবার যে ভোটার তালিকা প্রকাশিত হল, তাতে জলপাইগুড়ি জেলায় সাতটি বিধানসভায় ১৭ লক্ষ ৪৮ হাজার ৯১৪ জনের নাম রয়েছে। যদিও এর মধ্যে ১ লক্ষ ৮ হাজার ভোটারের ক্ষেত্রে অ্যাডজুডিকেশন রয়েছে। অর্থাৎ বিচারকরা তাঁদের জমা পড়া নথি খতিয়ে দেখছেন। পর্যাপ্ত নথি জমা দিতে না পারায় তাঁদের নাম বাদ গিয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক শমা পারভীন। 
পহাড়ি জেলা দার্জিলিংয়ে পাঁচ বিধানসভায় ২২ হাজারের বেশি ভোটারের নাম বাদ পড়ল। বিকেলে শিলিগুড়ি এসডিও অফিসে সর্বদলীয় বৈঠক করেন দার্জিলিংয়ের জেলাশাসক মণীশ মিশ্রা। তিনি বলেন, ২২ হাজার ৪৩৪ জনের নাম বাদ পড়েছে। সমস্ত দলের প্রতিনিধিদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। কালিম্পং জেলায় বাদ যাওয়া ভোটারের সংখ্যা ১৮ হাজার ৯৩১ জন। 

সম্পর্কিত সংবাদ