Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ১১টি মামলা নিষ্পত্তির জন্য নদীয়া জেলা আদালতে

নদীয়া জেলা আদালতে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ১১টি মামলার নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ২১, ২২ ও ২৩ আগস্ট বিশেষ লোক আদালতে চূড়ান্ত শুনানি। বিস্তারিত পড়ুন।

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ১১টি  মামলা নিষ্পত্তির জন্য নদীয়া জেলা আদালতে
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: সুপ্রিম কোর্টে বছরের পর বছর ধরে ঝুলে থাকা মামলার জট কাটাতে এবার এগিয়ে এল জেলা আদালত। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন বিচারাধীন থাকা এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য মামলাগুলির দ্রুত মীমাংসার লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ উদ্যোগ ‘সমাধান সমারোহ’। সেই কর্মসূচির অংশ হিসেবে নদীয়া জেলার ১৫ থেকে ২০ বছর ধরে সুপ্রিম কোর্টে ঝুলে থাকা ১১টি মামলা চিহ্নিত করে নদীয়া জেলা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলার অন্য বিচারাধীন মামলাও এই প্রক্রিয়ার আওতায় আনতে আবেদন করার আহ্বান জানিয়েছে জেলা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি(ডিএলএসএ)।

Advertisement

ডিএলএসএ সূত্রে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং আলোচনার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য মামলার পক্ষরা নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ দিন আগামী ৩০ জুলাই। আবেদন জমা পড়ার পর সুপ্রিম কোর্ট তা যাচাই করবে। মামলাটি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বলে মনে হলে সেই মামলা সংশ্লিষ্ট রাজ্যের স্টেট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে জেলা ডিএলএসএ-র কাছে পাঠানো হবে। এরপর উভয়পক্ষকে নোটিস দিয়ে ডেকে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। সমঝোতা হলে তার রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠানো হবে। আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট বিশেষ লোক আদালতে মামলাগুলির চূড়ান্ত নিষ্পত্তি হবে। মামলাকারীরা কোর্ট ফি ফেরত পাওয়ার সুবিধাও পাবেন।
ডিএলএসএ সূত্রে আরও জানা গিয়েছে, ‘সমাধান সমারোহ’ একটি বিশেষ লোক আদালত, যার প্রক্রিয়া শুরু হয়েছে গত ২১ এপ্রিল। সারা দেশে সুপ্রিম কোর্টে বিচারাধীন এমন সব মামলা, যেগুলি মুখোমুখি আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব, সেগুলিকেই এই উদ্যোগের আওতায় আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে ব্যাংক ঋণ সংক্রান্ত বিরোধ, সম্পত্তি সংক্রান্ত মামলা, ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, সার্ভিস-সংক্রান্ত বিরোধ-সহ বিভিন্ন ধরনের দেওয়ানি মামলা। সুপ্রিম কোর্টে প্রতিনিয়ত মামলার সংখ্যা বাড়তে থাকায় দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আইনজীবীদের একাংশের মতে, দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে মামলার জট বেড়েই চলেছে। ফলে বছরের পর বছর মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। পাশাপাশি প্রতিটি শুনানির জন্য দিল্লিতে যেতে মামলাকারীদের অনেক টাকা খরচ হচ্ছে। ফলে ‘সমাধান সমারোহ’ সাধারণ মানুষের সময় ও অর্থ দুইই বাঁচাবে।
নদীয়া জেলা আদালতের ডিএলএসএ-র সেক্রেটারি স্রোতি সাহা বলেন, এই জেলার ১১টি মামলা ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছে। এর বাইরেও জেলার কোনো মামলা যদি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকে এবং সেটি সমঝোতার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হয়, তাহলে তিনি নির্দিষ্ট পোর্টালে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই করে সুপ্রিম কোর্ট উপযুক্ত মনে করলে মামলাটি স্টেট লিগাল সার্ভিস অথরিটির মাধ্যমে আমাদের কাছে পাঠাবে। এরপর আমরা উভয় পক্ষকে নিয়ে আলোচনার ব্যবস্থা করব। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমেও শুনানিতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। সমঝোতা হলে তার রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠানো হবে। আগামী ২১, ২২ ও ২৩ আগস্ট বিশেষ লোক আদালতে ওই মামলাগুলির চূড়ান্ত নিষ্পত্তি হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ