নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্নীতি দমনে রাজ্য দুর্নীতিদমন শাখা বা অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে কার্যত ঢেলে সাজল নবান্ন। রাজ্য পুলিশের আইজি আইবি মুরলীধর শর্মা, ডিআইজি আইবি আকাশ মাঘারিয়া এবং আইবির স্পেশাল সুপার কামনাশিস সেনকে ডেপুটেশনে এই শাখায় বদলি করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলা, সিআইডি, পুলিশ কমিশনারেট থেকে ডিএসপি, ইনস্পেক্টর এবং কনস্টেবল মিলিয়ে মোট ১৬ জন পুলিশকর্মীকে এই শাখায় বদলি করা হয়েছে। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে রাজ্য। কমিশনের সচিব পদে রয়েছেন এডিজি কে জয়রামন। সূত্রের খবর, ২০১১-২৬ সাল পর্যন্ত হওয়া দুর্নীতির এনকোয়ারি শেষে কমিশন যেসব ক্ষেত্রে মামলা দায়েরের সুপারিশ করবে, সেসব ক্ষেত্রে কাজ করবে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ।



