Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পরিষেবায় নিযুক্ত সংস্থার চুক্তির মেয়াদ বাড়ানোর প্রবণতায় লাগাম টানছে নবান্ন

রাজ্য সরকারের সমস্ত দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও অন্যান্য স্বশাসিত প্রতিষ্ঠানে বিভিন্ন পরিষেবার কাজে নিযুক্ত সংস্থার চুক্তির মেয়াদ বারবার বাড়ানোর প্রবণতায় লাগাম পরাল নবান্ন।

পরিষেবায় নিযুক্ত সংস্থার চুক্তির মেয়াদ  বাড়ানোর প্রবণতায় লাগাম টানছে নবান্ন
  • ১৬ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের সমস্ত দপ্তর, পুরসভা, পঞ্চায়েত, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও অন্যান্য স্বশাসিত প্রতিষ্ঠানে বিভিন্ন পরিষেবার কাজে নিযুক্ত সংস্থার চুক্তির মেয়াদ বারবার বাড়ানোর প্রবণতায় লাগাম পরাল নবান্ন। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে, ভবিষ্যতে এসব চুক্তির মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের পরিবর্তে নির্ধারিত সময়ের আগেই নতুন টেন্ডার আহ্বান করতে হবে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন টেন্ডার আহ্বানের প্রক্রিয়া শুরু করতে হবে। প্রতিটি দপ্তরের প্রধানকে প্রতি মাসে চুক্তি পর্যালোচনা করতে হবে এবং সেই তালিকা অর্থদপ্তরকে পাঠাতে হবে। 

Advertisement

আর্থিক শৃঙ্খলা আরও মজবুত করতে মুখ্যসচিব মনোজ আগরওয়াল এই নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের নির্দেশ দিয়েছেন। দেখা গিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও অফিসে চুক্তির ভিত্তিতে নিযুক্ত সংস্থার মেয়াদ শেষ হয়ে গেলেও তাদেরকেই কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে অর্থদপ্তরের কাছে বারবার মেয়াদ বৃদ্ধির অনুমোদন চাওয়া হচ্ছিল। কোথাও কোথাও আবার অর্থদপ্তরের অনুমোদন ছাড়াই চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই ধরনের পদক্ষেপ আর্থিক শৃঙ্খলা লঙ্ঘন করে এবং প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বলে মত প্রশাসনিক মহলের।
এদিন বিজ্ঞপ্তি জারি করে নবান্ন স্পষ্ট করে দিয়েছে, কোনো পরিস্থিতিতেই বিদ্যমান চুক্তির মেয়াদ বৃদ্ধি বা নবীকরণের প্রস্তাব গ্রহণ করা হবে না। যথা সময়ে নতুন টেন্ডার আহ্বান না করা বা অনুমোদন ছাড়া চুক্তির মেয়াদ বৃদ্ধিকে আর্থিক শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন হিসাবে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ