Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়োগ দুর্নীতি মামলায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণর পুলিশ হেপাজত

নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে নিয়োগ দুর্নীতি মামলায় পুলিশ হেপাজতে রাখা হয়েছে। আদালতের নির্দেশে আরও ৬ দিন হেপাজতে থাকবেন। বিস্তারিত পড়ুন।

নিয়োগ দুর্নীতি মামলায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণর পুলিশ হেপাজত
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: সরকারি ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুত রাখার অভিযোগে ধৃত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহাকে এবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়াল পুলিশ। এই মামলায় এদিন তাঁকে আবার পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিলেন বিচারক। প্রসঙ্গত, গত ২৯ মে নবদ্বীপের বড়ালঘাটে একটি ক্লাব থেকে প্রচুর সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছিল। সেই ঘটনায় পুরসভার চেয়ারম্যান ও একজন ক্লাব সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ৩০ মে তাঁদের আদালতে পেশ করা হলে বিচারক সাত দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন। সাত দিনের পুলিশ হেফাজত শেষে শনিবার পুরসভার চেয়ারম্যান ও ওই  ক্লাব সদস্যকে ফের আদালতে হাজির করা হয়। ওই মামলায় ওই ক্লাব সদস্যকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক। আর এই দিনই পুরসভার চেয়ারম্যানকে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় জড়ায় পুলিশ। এই মামলায় নবদ্বীপ আদালতের বিচারক বিমানকৃষ্ণবাবুকে ফের ছ’দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এদিন আদালত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকরা তাঁর উদ্দেশে ‘চোর চোর’ স্লোগান দেয়। উল্লেখযোগ বিষয় হল এদিন বিমানকৃষ্ণবাবুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াননি।

Advertisement

যদিও প্রাক্তন তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহার দাবি, উদ্ধার হওয়া ত্রাণ সামগ্রী বিধায়ক কোটা থেকে পাওয়া। জায়গার অভাবে সেগুলি ক্লাবঘরে রাখা হয়েছিল। ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় সুবল ঘোষ নামে একজন নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পুরসভার চেয়ারম্যান ও ওই ক্লাব সদস্যকে গ্রেপ্তার করে।শনিবার আদালতে পুরসভায় স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পদে দু’জনের নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ আনা হয়েছে। প্রাচীন মায়াপুরের বাসিন্দা আনন্দ দাস নবদ্বীপ থানায় এই অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, ওই পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তিতে যে মানদণ্ড বলা হয়েছিল, সেই নিয়ম মানা হয়নি। এছাড়া পুরসভার হেলপার পদে নিযুক্ত একজনের বয়স সংক্রান্ত সমস্যা রয়েছে বলেও তিনি অভিযোগ জানিয়েছিলেন। শনিবার পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ওই নিয়োগ দুর্নীতি মামলা যোগ করে পুলিশ। তাতেই বিচারক বিমানকৃষ্ণবাবুকে আরও ছ’দিনের পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ