সঙ্গীতের আসর কলকাতায় নতুন নয়। কিন্তু ‘নাদ’ এমন এক অভিনব ফিউশন শাস্ত্রীয় সঙ্গীতের আসর যেখানে শ্রোতারা বিরল সুর-তাল-ছন্দ উপভোগ করেন। এবারেও তার অন্যথা হয়নি। ভারতীয় বিদ্যা ভবন এবং পণ্ডিত শঙ্কর ঘোষ তবলা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সম্প্রতি জি ডি বিড়লা সভাঘরে তিনদিন ব্যাপী ‘নাদ’ ফেস্টিভালের আয়োজন হয়েছিল। তত্ত্বাবধানে ছিলেন পণ্ডিত বিক্রম ঘোষ।
প্রথম দিন ছিল আমন আলি বঙ্গাশের সরোদ, তবলায় অনুব্রত চট্টোপাধ্যায়। আমন বলেন, ‘ছোটবেলা থেকেই কলকাতায় আসছি। তবে বাবার মতো কলকাতার মন জয় করতে পেরেছি কিনা জানি না। কলকাতার শ্রোতা সব সময় আমার কাছে স্পেশাল।’ এছাড়া ছিল অদিতি মঙ্গলদাসের কত্থক, অজয় পহঙ্কার এবং অভিজিৎ পহঙ্কারের যুগলবন্দি ‘সাউন্ডস্কেপ’, একক হারমোনিয়ামে তন্ময় দেওচকে। এবারের উৎসবে অন্যতম আকর্ষণ ছিল শেষদিনে বিক্রম ঘোষের ‘ট্রান্সফর্মেশন’। তবলা, মৃদঙ্গম, ভায়োলিন, কিবোর্ডের মিশ্রণে এক অভিনব ফিউশন। বিক্রম বলেন, ‘ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারা বদলাচ্ছে। রাগ একই রেখে পরিবেশনা যুগোপযোগী হয়ে উঠছে।’