Bartaman Logo
১৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুর আইআইটির মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু!

মাত্র দু'সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর আইআইটিতে। অধ্যাপকের পর এবার মৃত্যু হল এক পড়ুয়ার।

খড়্গপুর আইআইটির মেধাবী ছাত্রের রহস্য-মৃত্যু!
  • ১৩ আগস্ট, ২০২৬ ২০:১৯
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: মাত্র দু'সপ্তাহের ব্যবধানে ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা খড়্গপুর আইআইটিতে। অধ্যাপকের পর এবার মৃত্যু হল এক পড়ুয়ার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এই শিক্ষা প্রতিষ্ঠানে। আজ, বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর আইআইটির নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। মৃতের নাম অঙ্কিত শর্মা (১৯)। আইআইটি সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের বাসিন্দা অঙ্কিত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি থাকতেন খড়্গপুর আইআইটির গোখলে হলে।এদিন নালন্দা কমপ্লেক্সে ক্লাস করতে গিয়েছিলেন। দুপুর সাড়ে তিনটা নাগাদ ওই কমপ্লেক্সের তিনতলা থেকে আচমকাই পড়ে যান তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে খড়্গপুর আইআইটির বি.সি রায় হাসপাতালে নিয়ে যাওয়া গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

Advertisement

বিকেল নাগাদ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার বুশারা বানো, এসডিপিও সিদ্ধার্থ ঢাঙ্গি, খড়্গপুর টাউন আইসি অমিতকুমার মিত্র। প্রাথমিক তদন্তের পর সন্ধ্যা নাগাদ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, পড়ে গিয়ে মৃত্যু না কী আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। গত ২৯ জুলাই খড়্গপুর আইআইটির স্টাফ কোয়ার্টার থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দীপক রেড্ডি পুল্লাগুরাম (৩৫)-এর। তার আগে গত ২৮ এপ্রিল সোহম হালদার (২২) নামে চতুর্থ বর্ষের এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল আইআইটি খড়্গপুরের মদনমোহন মালব্য হল থেকে। গত ১৮ এপ্রিল তৃতীয় বর্ষের পড়ুয়া জয়বীর সিং দোডিয়ার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল একটি আবাসনের (হলের) নিচ থেকে। সবমিলিয়ে গত ২০ মাসে আইআইটি খড়্গপুরের ১০ জন পড়ুয়া এবং এক জন অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যু হল। বারবার এই ধরনের ঘটনায় খড়্গপুর আইআইটি কর্তৃপক্ষ যথেষ্ট চিন্তিত। জানিয়েছেন অধ্যাপক-অধ্যাপিকাদের একাংশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ