Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ম্যাকসুইনি ইস্যুতে অস্বস্তি অজি শিবিরে

ম্যাকসুইনি ইস্যুতে অস্বস্তি অজি শিবিরে
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
মেলবোর্ন: বক্সিং ডে টেস্টের প্রহর গুনছে অস্ট্রেলিয়া। ব্রিসবেনে তৃতীয় ম্যাচের উত্তেজনায় জল ঢেলেছে বৃষ্টি। পাঁচ ম্যাচের সিরিজ এখন ১-১ অবস্থায় দাঁড়িয়ে। এমসিসিতে লিড নিতে মরিয়া ব্যাগি গ্রিন ব্রিগেড। ইতিমধ্যেই মেলবোর্নে পৌঁছে গিয়েছেন স্টিভ স্মিথরা। তবে ফের চোট পেয়ে বাকি সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জস হ্যাজলউড। আনফিট ট্রাভিস হেডও অনিশ্চিত। চলতি সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি। কিন্তু কুঁচকির চোটে মেলবোর্নে হেডের খেলা নিয়ে ঘোর সংশয়ে অজি শিবির। জোড়া ধাক্কার সঙ্গে যুক্ত হয়েছে নাথান ম্যাকসুইনির বাদ পড়া ঘিরে বিতর্ক। নির্বাচকদের এই সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন প্রাক্তনরা। সেই আঁচ পড়েছে সাজ ঘরেও। মাইকেল ক্লার্কের সঙ্গে একমত দলের বেশ কয়েকজন সদস্যও।
Advertisement
অজি শিবিরে যোগ দিয়েছেন ম্যাকসুইনির পরিবর্ত স্যাম কোনস্টাস। তরুণ এই ওপেনারকে নিয়ে বেশ উচ্ছ্বসিত শেন ওয়াটসন। এক সাক্ষাৎকারে প্রাক্তন অলরাউন্ডার বলেন, ‘সঠিক সময়ে দলে সুযোগ পেয়েছে স্যাম। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। ওর আত্মবিশ্বাস জাতীয় দলের জার্সিতে কাজে লাগাতে পারবে।’ এদিকে, শেষ দুই টেস্ট থেকে বাদ পরে বেজায় হতাশ ম্যাকসুইনি। তাঁর মন্তব্য, ‘এটা আমার কাছে বড় ধাক্কা। তবে হাল ছাড়ব না। খামতিগুলো নেটে শুধরে তাড়াতাড়ি দলে ফিরব।’
সম্পর্কিত সংবাদ