Bartaman Logo
১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে কি যৌন হেনস্তা? রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

দু’বছর আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কোনও যৌন হেনস্তার তত্ত্ব রয়েছে কি না, জানতে চায় হাইকোর্ট।

মুর্শিদাবাদ মেডিকেলের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে কি যৌন হেনস্তা? রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’বছর আগে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় কোনও যৌন হেনস্তার তত্ত্ব রয়েছে কি না, জানতে চায় হাইকোর্ট। বিষয়টি নিয়ে কল্যাণী এইমসকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। ২০২৩ সালের ৩০ জুন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া তনুশ্রী গোস্বামীর দেহ উদ্ধার হয়। ওড়ানায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিসের দাবি, এটি আত্মহত্যার ঘটনা। ঘটনায় ওই বছর ৩ জুলাই পরিবারের তরফে এফআইআর দায়ের করে দাবি করা হয়, মানসিক অত্যাচারের কারণেই তাঁদের মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। পরিবারের তরফে আরও দাবি, ঘটনায় অভিযোগ জানানো হলেও তনুশ্রীর কল রেকর্ড ও বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল যাচাই করে এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত, পুলিস তা যাচাইয়ের চেষ্টাই করেনি। পাশাপাশি ময়নাতদন্তও সঠিকভাবে করা হয়নি বলে পরিবারের তরফে দাবি করা হয়। পরবর্তীতে পুলিসি তদন্তে গাফিলতির অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন ওই চিকিৎসক পড়ুয়ার বাবা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে ময়নাতদন্তের নথি-সহ যাবতীয় মেডিকেল রেকর্ড কল্যাণী এইমসের ডিরেক্টরকে যাচাইয়ের নির্দেশ দেন বিচারপতি ঘোষ। এই মামলায় আগেই কেস ডায়েরি, ময়নাতদন্তের ভিডিওগ্রাফি, রিপোর্ট এবং হিস্টো প্যাথলজিক্যাল রিপোর্ট জমা দিয়েছিল রাজ্য। রাজ্যের জমা দেওয়া সমস্ত রিপোর্ট যাচাই করে এইমসকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো এইমসের তরফে দু’টি রিপোর্ট জমা পড়ে। ওই চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর আগে কোনও যৌন হেনস্তার ঘটনা ঘটেছিল কি না, তা আপাতত জানতে চায় হাইকোর্ট। এইমস কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। ১৫ মে মামলার পরবর্তী শুনানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ