সংবাদদাতা, কান্দি: প্রতিটি বাড়িতে যাতে অ্যাম্বুলেন্স, দমকল ও সাফাইয়ের গাড়ি পৌঁছতে পারে, তা নিশ্চিত করতে চাইছে কান্দি পুরসভা। পুরসভার তরফে এলাকার গলি রাস্তাগুলিকে চওড়া করা হচ্ছে। ইতিমধ্যে তিনটি গলি চওড়া করা হয়েছে। আগামীতে এলাকার ৫৮টি রাস্তাকে চওড়া করার পরিকল্পনা রয়েছে পুরসভার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শহরের ১৮টি ওয়ার্ডের অধিকাংশ এলাকায় প্রচুর গলি রয়েছে। যেগুলি দিয়ে ঠিকমতো টোটো কিংবা ছোটগাড়ি ঢুকতে পারে না। ফলে, কয়েকদশক ধরে সমস্যায় ভুগছেন বাসিন্দারা। শহরের এমনও এলাকা রয়েছে যেখানে কেউ অসুস্থ হয়ে পড়লে কোলেপিঠে করে অনেকটা নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তুলতে হয়। তাছাড়া ছোট রাস্তার কারণে শহরের বেশিরভাগ এলাকায় সরাসরি দমকলের ইঞ্জিন ঢুকতে পারে না। এমন অবস্থায় শহরের গলিগুলিকে চওড়া করার পরিকল্পনা অনেক আগেই নিয়েছিল পুরসভা। সেই পরিকল্পনা মতো সম্প্রতি তিনটি রাস্তা চওড়া করা হয়েছে। ফলে জরুরি পরিষেবাগুলি দেওয়ার জন্য সহজেই গাড়ি ঢুকতে পারছে সংশ্লিষ্ট এলাকায়। শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনের গলি, বাঁধাপুকুর এলাকা ও বিবেকানন্দ মূর্তি এলাকার গলি রাস্তাগুলি চারফুট থেকে প্রায় ন’ফুট করা হয়েছে।
কান্দি পুরসভা সূত্রে জানানো হয়েছে, পুরসভা এলাকায় ১৯ হাজারের বেশি পরিবার রয়েছে। তাঁদের প্রত্যেকের কাছে পুরসভা অনুরোধ রাখছে গলি রাস্তাগুলি চওড়া করার জন্য এগিয়ে আসতে। সেক্ষেত্রে কোথাও কারও ব্যক্তিগত সম্পত্তির কিছুটা এলাকা ছেড়ে দেওয়ার জন্যও অনুরোধ করা হচ্ছে। অনেক বাসিন্দা পুরসভার ওই অনুরোধ রাখছেনও। পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল চক্রবর্তী বলেন, আমার বাড়ির সামনের গলি চওড়া করার জন্য এই এলাকার বহুমূল্যের জায়গা ছেড়ে দিয়েছি। কারণ এই সম্পত্তি তখনই কাজে দেবে যখন অমার জায়গার সামনে অ্যাম্বুলেন্স এসে দাঁড়াতে পারবে।
গলি রাস্তার কারণে শহরের সাফাই কাজেও ঢিলেমি দেখা যায়। অনেক গলি রাস্তায় ট্রাক্টর ঢুকতে পারে না। কাজেই প্রতিটি রাস্তায় যাতে সাফাই গাড়ি বা ট্রাক্টর ঢুকতে পারে, তাও নিশ্চিত করতে চাইছে পুরসভা। সম্প্রতি পুরসভা থেকে চারটি নতুন ছোট আকারের ট্রাক্টর কেনা হয়েছে। ফলে, কিছুটা হলেও গলি রাস্তার আবর্জনা তুলতে পারছেন পুরসভার সাফাই কর্মীরা। কান্দি পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, চলতি আর্থিকবর্ষেই যতটা সম্ভব গলি রাস্তাগুলি চওড়া করার কাজ চলবে। আমরা চাই শহরের প্রতিটি বাড়ির সামনে অ্যাম্বুলেন্স, দমকল ইঞ্জিন ও সাফাইগাড়িগুলি যেন দাঁড়াতে পারে।