নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: শুক্রবার বাবাকে তলব করা হয়েছিল। তবে, হাজির হননি তিনি। তবে, আগামী সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের বিভিন্ন বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে সরজমিনে খতিয়ে দেখতে যাবেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, শুক্রবার অভিষেকের বাবাকে তলব করেছিল কলকাতা পুরসভা। আলিপুরে পুরসভার ৯ নম্বর বরো অফিসে বিল্ডিং প্ল্যানের বাইরে গিয়ে কী কী ধরনের নির্মাণ হয়েছে সেই সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে আসতে বলা হয়েছিল। কিন্তু, তিনি আসেননি। হাজির হয়েছিলেন তাঁর আইনজীবী। তিনি সমস্ত কাগজপত্র পরে জমা দেবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, আমতলায় পার্টি ভাঙা প্রসঙ্গে প্রচ্ছন্ন হুমকি ইস্যুতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের এফআইআর হয়েছে। বৃহস্পতিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী রাজীব সরকার। তার ভিত্তিতে ৮টি ধারায় মামলা রুজু হয়েছে। রাজীববাবু বলেন, ‘হাইকোর্টে থেকে রক্ষাকবচ পাওয়ার পরেও হুমকি দিয়ে বেড়াচ্ছেন অভিষেক! বিষয়টি দেখার জন্য আদালতকে অনুরোধ করব।’ অভিষেক বলেছিলেন, ‘প্ল্যান রয়েছে। বৈধ নথি রয়েছে। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে পার্টি অফিস ভেঙেছেন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে কিন্তু। এটা বিজেপি নেতারা যেন ভুলে না যান। ঈশ্বর, সৃষ্টিকর্তা, সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করছেন, একই আইনে, একই ধারায় ৩১-এ সবই ফিরিয়ে দেব সুদসমেত।’