সংবাদদাতা, নবদ্বীপ: বর্তমান পত্রিকার খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসল পূর্তদপ্তর। বৃহস্পতিবার রাত থেকে নবদ্বীপ মিউনিসিপ্যাল লিংক রোডের বেহাল রাস্তার মেরামতির কাজ শুরু হয়েছে। এদিন নবদ্বীপ রেলগেট সংলগ্ন রেল রিক্রিয়েশন ক্লাবের খেলার মাঠ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার মেরামতি করতে খরচ হবে, দু’কোটি ৭০ লক্ষ টাকা। দোলের আগেই এই পিচ রাস্তার কাজ শেষ হবে বলে পিডব্লুডি সূত্রে জানা গিয়েছে। দীর্ঘদিন পর নবদ্বীপের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা পথচারী থেকে যানবাহন চালকরা।
নবদ্বীপ শহরের ঢোকার অন্যতম প্রবেশ পথ নবদ্বীপ রেলগেট। এরই সংলগ্ন রেলের মাঠ থেকে রানিরঘাট পর্যন্ত পিডব্লুডির নবদ্বীপ মিউনিসিপ্যাল লিংক রোড। প্রায় সাড়ে তিন কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তাটির বেশকিছু অংশে কোথাও ভেঙে গর্ত হয়ে গিয়েছিল কোথাওবা পিচ উঠে খোয়া বেরিয়ে পড়েছিল। আবার কোথাও ড্রেনের পাশে রাস্তায় ধস নেমেছে। পুরসভা থেকে বালির বস্তা দিয়ে ধস আটকে রাখা হয়। অথচ তীর্থভূমি নবদ্বীপের এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও অসংখ্য ছোট বড় যানবাহন যাতায়াত করে। বেশকিছু জায়গার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে সমস্যায় পড়তে হচ্ছে পথচারী থেকে নবদ্বীপ ঘুরতে পুণ্যার্থী থেকে পর্যটকদের। পাশাপাশি রাস্তার বেহাল পরিস্থিতির কারণে ছোটখাট দুর্ঘটনা লেগেই রয়েছে।
এই রাস্তাটি নবদ্বীপ শহরের অন্যতম প্রধান রাস্তা। এই রাস্তাটি তেঘরিবাজার, মণিপুর মোড়, দেয়ারাপাড়া, দণ্ডপাণিতলা, রাধাবাজার, পোড়ামাতলা, বাগচিপাড়া, ব্রজানন্দ গোস্বামী রোড হয়ে রানিরঘাট পর্যন্ত গিয়েছে। তিন কিলোমিটার এই রাস্তাটির অধিকাংশই জায়গায় ভেঙেচুরে গিয়েছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ, উৎসবের সময় কোনওরকম জোড়াতালি দিয়ে রাস্তা সারানো হয়। কিছুদিন যেতে না যেতেই সেই পিচ উঠে গিয়ে গর্ত হয়ে যায়। এ ব্যাপারে নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, এই রাস্তাটি নবদ্বীপ শহরের প্রধান রাস্তা অর্থাৎ প্রাণকেন্দ্র পোড়ামাতলা রোড। এই রাস্তাটি সংস্কার করার জন্য পিডব্লুডি রোডস কৃষ্ণনগরকে বারবার জানিয়েছিলাম। বৃহস্পতিবার রাত থেকে ওই রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। আশা করা যায় দোলের আগেই কাজ শেষ হয়ে যাবে।