মুম্বই: বাকিরা যখন প্লে-অফে ওঠার লড়াইয়ে ব্যস্ত, তখন লাস্ট বয়ের তকমা এড়ানোর চ্যালেঞ্জ নিয়ে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। ৯টি খেলে হার্দিক পান্ডিয়ার মুম্বইয়ের ঝুলিতে মাত্র ৪ পয়েন্ট। তারা রয়েছে নবম স্থানে। আর একটা ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে লখনউয়ের দশম স্থানে। তবে সোমবার ঋষভরা জিতলে প্লে-অফের দৌড়ে আবার ঢুকে পড়বেন। কিন্তু হার্দিকদের আশা কার্যত শেষ হয়ে যাবে। তাই দুই দলই জয়ের সরণিতে ফিরতে মরিয়া। চোটের কারণে রোহিত শর্মা খেলতে না পারায় মুম্বইয়ের ব্যাটিং দুর্বল হয়েছে। ওপেনিং জুটি কিছুতেই জমাট বাঁধছে না। অনেক পরীক্ষা-নিরীক্ষাতেও লাভ কিছু হয়নি। এটা যেমন মাথাব্যথা, তেমনই দুই তারকা হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবের অফ ফর্ম মুম্বই ইন্ডিয়ান্সের এই পতনের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয় বুমরাহ ছন্দে না থাকায় বোলিংও সাদামাটা লাগছে। তাই ব্যাটিং-বোলিংয়ে পরিবর্তন জরুরি। কোচ মাহেলা জয়বর্ধনে সেই পথে হাঁটবেন কিনা, বলা কঠিন। অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টস টানা পাঁচ ম্যাচ হেরে রীতিমতো ব্যাকফুটে। শুরুতে আইডেন মার্করাম, মিচেল মার্শের মতো তারকা ব্যাটার রয়েছেন। কিন্তু তাঁরা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। ঋষভ পন্থও প্রত্যাশা পূরণে ব্যর্থ। নিকোলাস পুরান গত মরশুমেও ঝড় তুলতেন। কিন্তু ব্যাটিং অর্ডার বদলের পর ক্যারিবিয়ান তারকাও বড় রান পাচ্ছেন না। সব মিলিয়ে লখনউ সুপার জায়ান্টসের ব্যাটিং খুবই ছন্নছাড়া। বোলিংয়ে মহম্মদ সামির মতো তারকা পেসার রয়েছেন। অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি সাফল্যও পাচ্ছেন। তাঁর সঙ্গী হবেন গত ম্যাচে কেকেআরের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়া মহসিন খান ও প্রিন্স যাদব। স্পিন আক্রমণে দিগ্বেশ রাঠি লখনউয়ের সেরা অস্ত্র।



