Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

হার্দিক ফেরায় স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স...

হার্দিক ফেরায় স্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স...
  • ২৯ মার্চ, ২০২৫ ১০:০৩
Prefer us on Google

আমেদাবাদ: অষ্টাদশ আইপিএলে শুরুটা ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচেই চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে হার্দিকদের। সবকিছু দেখে বেশ উদ্বিগ্ন ফ্র্যাঞ্চাইজি মালিক। ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর জন্য ক্রিকেটারদের চাপমুক্ত রাখা জরুরি। সেই উপলব্ধি থেকে গত কয়েকদিন রোহিতদের খেলা থেকে দূরে অন্য জগতে রাখা হয়েছিল। ঠিকানা ছিল জামনগর। মূলত চাপমুক্ত মনে ফর্মে ফেরার দাওয়াই হিসেবে যা দেখা হচ্ছে। তা কতটা কাজে এল, বোঝা যাবে শনিবার। মোতেরায় গুজরাত টাইটান্সের মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement

গত ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের কাছে বশ মানতে হয়েছিল গুজরাতকেও। সেই ধাক্কা সামলে জয়ের খোঁজে শুভমান গিল, সাই সুদর্শনরা। প্রথম ম্যাচের নিরিখে মুম্বইয়ের চেয়ে গুজরাতের ব্যাটিংকে অনেক বেশি জমাট লেগেছে। সুদর্শন, গিল, জস বাটলার, শেরফানে রাদারফোর্ড ঝড় তুলতে পারেন। মিডল অর্ডারে আছেন শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়ার মতো পরিচিত মুখ। গুজরাতের বোলিংও বেশ শক্তিশালী। স্পিনার রশিদ খান কঠিন পরীক্ষায় ফেলবেন মুম্বইয়ের ব্যাটারদের। পেস বোলিংয়ে মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গী হতে পারেন কাগিসো রাবাডা।
গত কয়েক বছর ধরেই ধুঁকছে মুম্বই। অতীতের সাফল্য আঁকড়ে বেঁচে রয়েছে তারা। আসলে রোহিত শর্মার ফর্মে না থাকা মুম্বইয়ের ব্যাটিংকে অনেক বেশি দুর্বল করছে। অনামী রিকেলটন কিংবা উইল জ্যাকসও তথৈবচ। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মাকে তাই নিতে হবে বাড়তি দায়িত্ব। 
সাসপেনশনের কারণে গত ম্যাচে খেলেননি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। গুজরাতের বিরুদ্ধে খেলবেন হার্দিক। তাঁর অলরাউন্ড পারফরম্যান্স ম্যাচে ফারাক গড়ে দিতে পারে। মুম্বইয়ের বোলিংয়ে চেনা মুখ অনেক। পেসার ট্রেন্ট বোল্ট, দীপক চাহার রয়েছেন। পাশাপাশি স্পেশালিস্ট স্পিনার হিসেবে মিচেল স্যান্টনারের সঙ্গে খেলানো হচ্ছে ভিগনেশ পুথুরকে। কেরলের এই উঠতি ক্রিকেটারটি প্রথম ম্যাচেই নজর কেড়েছেন। গুজরাতের বিরুদ্ধেও তাঁকে নিয়ে আলাদা কৌতূহল থাকবে।

সম্পর্কিত সংবাদ