Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

রাজস্থানের বিরুদ্ধে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই

সঞ্জু স্যামসন দল ছাড়ায় অনেকেরই ধারণা ছিল, ব্যাটিং ভোগাবে রাজস্থান রয়্যালসকে। বাস্তবে তেমনটা হয়নি।

রাজস্থানের বিরুদ্ধে আজ ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই
  • ৭ এপ্রিল, ২০২৬ ১১:০৪

গুয়াহাটি: সঞ্জু স্যামসন দল ছাড়ায় অনেকেরই ধারণা ছিল, ব্যাটিং ভোগাবে রাজস্থান রয়্যালসকে। বাস্তবে তেমনটা হয়নি। পর পর দু’টি ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে গোলাপি ব্রিগেড। মঙ্গলবার বর্ষাপাড়া স্টেডিয়ামে রিয়ান পরাগদের প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। শক্তিশালী দল নিয়েও গত ম্যাচে মুখ থুবড়ে পড়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নরা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক। রাজস্থানের বিরুদ্ধে তাঁর কামব্যাকের সম্ভাবনা রয়েছে। তাতে কিছুটা হলেও উদ্দীপ্ত হবে মুম্বই।

Advertisement

রাজস্থান রয়্যালসের ব্যাটিং মূলত টপ অর্ডার নির্ভর। ওপেনার যশস্বী জয়সওয়াল ও বৈভব সুর্যবংশী ঝড়ের গতিতে রান তোলেন। তবে ট্রেন্ট বোল্ট কিংবা বুমরাহর বিরুদ্ধে তাঁরা কতটা সুবিধা করতে পারবেন, সেটাই দেখার। গুজরাতের বিরুদ্ধে গত ম্যাচে দলকে ভরসা জুগিয়েছিলেন ধ্রুব জুরেল। তাঁর ৪২ বলে ৭৫ রানের ইনিংসই ফারাক গড়ে দিয়েছিল। তবে রিয়ান পরাগ নেতৃত্বের চাপ সামলে ব্যাট হাতে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেননি। সিমরন হেটমায়ারও ফর্মে নেই। তাই শুরুতে উইকেট পড়ে গেলে রাজস্থান কীভাবে পরিস্থিতি সামাল দেয়, সেটাই দেখার। বর্ষাপাড়া স্টেডিয়ামের পিচ তুলনায় মন্থর। স্পিনাররা সুবিধা পান। সেক্ষেত্রে নজর থাকবে রবি বিষ্ণোইয়ের উপর। জাদেজার মতো অভিজ্ঞ অলরাউন্ডার থাকায় বাড়তি সুবিধা হবে মরুরাজ্যের ফ্র্যাঞ্চাইজিটির।
কাগজে-কলমে মুম্বই শক্তিশালী। কিন্তু হাতিও অনেক সময় পাঁকে পড়ে। গত ম্যাচে তেমনই হাল হয়েছিল সূর্যদের। ব্যাটিংয়ে বড় ভরসা রোহিত শর্মা, রায়ান রিকেলটন। প্রথম ম্যাচে কেকেআরকে হারানোর ক্ষেত্রে তাঁদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনে তিলক ভার্মা ও চারে নামছেন সূর্যকুমার যাদব। অলরাউন্ডার হার্দিক ফিরলে দীপক চাহার বাদ পড়তে পারেন। কারণ, লোয়ার মিডল অর্ডারে নমন ধীর, সেরফানে রাদারফোর্ডকে খেলানো হচ্ছে। মুম্বইয়ের বোলিংও খুবই শক্তিশালী। ফেরানো হতে পারে বোল্টকে। বুমরাহকে খেলতে সমস্যায় পড়বেন রাজস্থানের ব্যাটাররা। স্পিন আক্রমণে মায়াঙ্ক মারকাণ্ডই বড় ভরসা।

সম্পর্কিত সংবাদ