Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সামনে মুম্বই, টানা হারের বৃত্ত থেকে বেরতে মরিয়া পাঞ্জাব

টানা সাত ম্যাচে অপরাজিত থাকার পর আচমকাই ছন্দহীন পাঞ্জাব কিংস। পর পর চারটি ম্যাচে হেরে চরম অস্বস্তিতে শ্রেয়স আয়াররা

সামনে মুম্বই, টানা হারের বৃত্ত থেকে বেরতে মরিয়া পাঞ্জাব
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: টানা সাত ম্যাচে অপরাজিত থাকার পর আচমকাই ছন্দহীন পাঞ্জাব কিংস। পর পর চারটি ম্যাচে হেরে চরম অস্বস্তিতে শ্রেয়স আয়াররা। তবে এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে। ১১টি খেলে পাঞ্জাবের ঝুলিতে ১৩ পয়েন্ট। বাকি তিনটি ম্যাচ। স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আর পয়েন্ট খোয়ানো চলবে না। বৃহস্পতিবার শৈলশহর ধরমশালায় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। জিতলে পয়েন্ট দাঁড়াবে ১৫। সেক্ষেত্রে প্লে-অফে ওঠার পথ অনেকটাই প্রশস্ত হবে। তবে তীরে এসে তরি ডোবার উদাহরণও তো কম নেই। সেই কারণেই সতর্ক শ্রেয়স ব্রিগেড। তাছাড়া প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। বাকি তিনটি ম্যাচ জিতে মুখরক্ষাই একমাত্র লক্ষ্য মুম্বইয়ের।

Advertisement

গত ম্যাচে দিল্লির বিরুদ্ধে ২১০ রান তুলেও হারতে হয়েছিল পাঞ্জাবকে। ছন্দে ফিরেছেন প্রিয়াংশ আর্য। যেটা পাঞ্জাবের পক্ষে খুবই ইতিবাচক। প্রভসিমসরন সিং, শ্রেয়স আয়াররাও রান পাচ্ছেন। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য কুপার কনোলি, মার্কাস স্টোইনিসের উপর ভরসা রাখছে দল। পাঞ্জাবের বোলিং খুবই ভালো। অর্শদীপ সিং, যশ ঠাকুর, মার্কো জানসেনের মতো পেসার রয়েছেন স্কোয়াডে। স্পিনার যুজবেন্দ্র চাহালকে ফেরানো হতে পারে মুম্বই ম্যাচে।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের হারানোর কিছু নেই। ফলে পাঁচবারের চ্যাম্পিয়নরা আক্রমণাত্মক ক্রিকেট খেলার দিকেই ঝুঁকবে। রোহিত শর্মা চোট সারিয়ে ফেরার পরেই বড় রান করেছিলেন। তাই পাঞ্জাব ম্যাচেও তাঁকে ঘিরে আগ্রহ তুঙ্গে। শুরুতে রোহিতের সঙ্গী হতে পারেন রিকেলটন। পরের দিকে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকসের খেলার সম্ভাবনা প্রবল। হার্দিক পান্ডিয়া চোট সারিয়ে ফেরেন কিনা সেটাই দেখার। বোলিংয়ে বুমরাহর উপর নজর থাকবে। কারণ, এবারের আইপিএলে তিনি জ্বলে উঠতে পারেননি। শেষ তিন ম্যাচে বুমরাহ অবশ্যই চাইবেন নামের প্রতি সুবিচার করতে।

Advertisement
সম্পর্কিত সংবাদ