Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বিকল একাধিক সোলার প্যানেল, সমস্যায় স্কুল

বছর কয়েক আগে হাওড়া গ্রামীণ জেলার বেশ কিছু হাই স্কুলে সোলার প্যানেল বসানো হয়েছিল। যদিও বর্তমানে সেই প্যানেলগুলির বেশিরভাগই বিগড়ে গিয়েছে।

বিকল একাধিক সোলার প্যানেল, সমস্যায় স্কুল
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বছর কয়েক আগে হাওড়া গ্রামীণ জেলার বেশ কিছু হাই স্কুলে সোলার প্যানেল বসানো হয়েছিল। যদিও বর্তমানে সেই প্যানেলগুলির বেশিরভাগই বিগড়ে গিয়েছে। এতে বিপাকে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। কারণ বিদ্যুতের বিল বেশি আসছে। এনিয়ে অতিরিক্ত জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর সূত্রে খবর, বিগড়ে যাওয়া সোলার প্যানেলগুলি যাতে ঠিক করে দেওয়া যায়, তার জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বিদ্যুতের বিল সাশ্রয়ের জন্য বিভিন্ন বিদ্যালয়ে সরকারের পক্ষ থেকে নিখরচায় সোলার প্যানেল বসানো হয়েছিল। ফলে বিদ্যুতের বিল অনেকটাই কম আসছিল। ২০১৮ সালে বাগনান উচ্চ বিদ্যালয়ে এই প্যানেল বসানো হয়েছিল। বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক ভাস্করচন্দ্র আদক বলেন, তখন অচিরাচরিত শক্তি দপ্তরের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ টাকা খরচ করে এই প্রকল্প চালু করা হয়েছিল। প্রকল্প চালু হওয়ার পর বিদ্যুতের বিল অর্ধেক হয়ে গিয়েছিল। বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক সুনির্মল চক্রবর্তী বলেন, প্রায় ২ বছর ধরে প্যানেলগুলি খারাপ হয়ে পড়ে আছে। অচিরাচরিত শক্তি দপ্তরকে বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। আবারও পাঁচ লক্ষ টাকা দিয়ে আরও একটি সৌর প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বাগনান উচ্চ বিদ্যালয়ের মত একই অবস্থা বাগনানের দেউলগ্রাম মানকুর বাকসি উচ্চ বিদ্যালয়ে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ