Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিবপুরে রাতের অন্ধকারে একাধিক প্রতিমা ভাঙচুর, সিসি ক্যামেরার সূত্র ধরে গ্রেপ্তার ১

রাতের অন্ধকারে নির্মীয়মাণ একাধিক মাটির প্রতিমা রাস্তায় ফেলে নষ্ট করার অভিযোগ উঠল হাওড়ার শিবপুরে। নবান্নের কাছে মন্দিরতলা এলাকায় ফ্লাইওভারের নীচে এই ঘটনাকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায়।

শিবপুরে রাতের অন্ধকারে একাধিক প্রতিমা  ভাঙচুর, সিসি ক্যামেরার সূত্র ধরে গ্রেপ্তার ১
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রাতের অন্ধকারে নির্মীয়মাণ একাধিক মাটির প্রতিমা রাস্তায় ফেলে নষ্ট করার অভিযোগ উঠল হাওড়ার শিবপুরে। নবান্নের কাছে মন্দিরতলা এলাকায় ফ্লাইওভারের নীচে এই ঘটনাকে ঘিরে শনিবার সকালে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায় শিবপুর থানার পুলিশ। পরে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনায় জড়িত সন্দেহে সাহেব সিং রাজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দিরতলায় বিদ্যাসাগর সেতু সংযোগকারী ফ্লাইওভারের নীচে ক্ষেত্র ব্যানার্জি লেনে একটি মন্দির রয়েছে। তার উলটোদিকেই রয়েছে প্রতিমা তৈরির গোলা। সামনে দুর্গাপুজো। পাশাপাশি বিভিন্ন দেবদেবীর পুজো উপলক্ষ্যে প্রতিমা তৈরির কাজ চলছে এই গোলায়। এখানে একাধিক মাটির প্রতিমা তৈরি হচ্ছিল। অভিযোগ, শুক্রবার রাতে কাজ শেষে গোলা বন্ধ করে বাড়ি চলে যান মৃৎশিল্পী। এরপর গভীর রাতে তিনি জানতে পারেন, গোলার সামনে রাখা তাঁর তৈরি প্রতিমাগুলি কেউ রাস্তায় ফেলে দিয়েছে। খবর পেয়ে রাতেই গোলায় যান ওই মৃৎশিল্পী। সেখানে গিয়ে দেখেন, একাধিক প্রতিমা রাস্তার উপরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। বেশ কয়েকটি প্রতিমা ক্ষতিগ্রস্ত ও নষ্ট হয়েছে বলে অভিযোগ। সকালে বিষয়টি শিবপুর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। তদন্তকারীরা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। তাতে এক যুবকের অস্বাভাবিক গতিবিধি দেখতে পান আধিকারিকরা। জানা যায়, তাঁর নাম সাহেব সিং রাজ। এরপর শিবপুরের গোলাম হোসেন সরদার লেনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে। মৃৎশিল্পী অচিন্ত্য ভট্টাচার্যের সঙ্গে সাহেবের পুরানো বিবাদ রয়েছে। মন্দিরের সামনে প্রতিমা রাখা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রায়ই ঝামেলা হয়। ওই বিবাদের জেরেই সাহেব গভীর রাতে মদ্যপ অবস্থায় এসে প্রতিমাগুলি রাস্তায় ফেলে দেন। হাওড়া সিটি পুলিশের কমিশনার অখিলেশ চতুর্বেদী জানান, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ ওই এলাকায় কয়েক বছর আগেও এমন ঘটনা ঘটেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ