এমপি ল্যাডের টাকা খরচই করতে পারছেন না সাংসদরা
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এমপি তহবিলের টাকা অধিকাংশ এমপি ব্যয় করতে পারছেন না। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রকের রিপোর্ট থেকেই স্পষ্ট যে, একঝাঁক কারণে রাজ্যে রাজ্যে এই অর্থ পড়ে রয়েছে।  এমপির এলাকা উন্নয়ন তহবিলের জন্য যে অর্থ তাঁদের নামে বরাদ্দ হয়েছে, তার মধ্যে বড় অংশই খরচ হয়নি। ক্যাগ রিপোর্টেও একাধিকবার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সামনে দুটি বিকল্প উঠে এসেছে। প্রথমত, এই প্রকল্প বন্ধই করে দেওয়া হোক। দ্বিতীয়ত, বিকল্প হল, আমূল সংস্কার। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৪ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই সময়সীমায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে লোকসভা ও রাজ্যসভার এমপিদের।  এই প্রকল্পে বছরে ৫ কোটি টাকা করে বরাদ্দ হয় প্রত্যেক এমপির জন্য।  কালেক্টর ও জেলাশাসকের মাধ্যমে ওই টাকা খরচ হয়। তবে কোন কোন প্রকল্পে সেই টাকা ব্যয় করা হবে, সেটি স্থির করে দেন এমপি। অভিযোগ এমপিরা টাকা খরচ না করে ফেলে রাখছেন। এমপিদের অভিযোগ, পরিকাঠামোগত এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে ব্যয় করা যাচ্ছে না। মোট বরাদ্দকৃথত অর্থের মধ্যে নতুন অষ্টাদশ লোকসভায় নির্বাচিত হওয়া লোকসভা ও রাজ্যসভার সদস্যদের এমপি তহবিলের অর্থ ব্যয় করার হার মাত্র ৩৪ শতাংশ। তার মধ্যেও আবার একঝাঁক রাজ্য রয়েছে যেখানে এমপিদের এই তহবিল থেকে উন্নয়ন প্রকল্পে খরচ করার হার ৩০ শতাংশেরও কম। যেমন গুজরাত,  কর্ণাটক, ওড়িশা, দিল্লি, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র। মহারাষ্ট্র মাত্র ২২ শতাংশ খরচকরতে পেরেছে। দিল্লির সাতটি লোকসভায় সাতজনই বিজেপির এমপি। এই রাজ্যে একটি শহরই একটি রাজ্য। অথচ এই দিল্লিতে মাত্র ১৫ শতাংশ টাকা খরচ হয়েছে।  প্রশাসনিক স্তরে আরও একটি সমস্যা হল ২০২৪ সালে নির্বাচিত এমপিদের মধ্যে ৫২ শতাংশ প্রথমবার নির্বাচিত। তাঁদের সিংহভাগই প্রকল্প তৈরি করে জমাই দিতে পারছেন না। ফলে টাকা দু বছর ধরে বরাদ্দ হয়ে পড়ে আছে। 

Advertisement