সংবাদদাতা, বনগাঁ: ‘বড়ো বড়ো কথা বলে সংবর্ধনা নিলেই কাজ হয় না, মানুষের পাশে থাকতে হয়’, নাম না করে রাজ্যের স্থানীয় মন্ত্রীকে কটাক্ষ করলেন সাংসদ শান্তনু ঠাকুর। মঙ্গলবার বনগাঁ কর্মতীর্থ মাঠে এক অনুষ্ঠানে আসেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। এদিন মঞ্চে দাঁড়িয়ে শান্তনু ঠাকুর বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে হয়। আমি যতদিন সাংসদ আছি ততদিন এভাবেই মানুষের পাশে থাকব।’ পাশাপাশি তিনি বলেন, ‘বড়ো বড়ো কথা বলে সংবর্ধনা নিলেই কাজ হয় না, মানুষের পাশে থাকতে হয়।’
তাঁর এই মন্তব্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তবে কার উদ্দেশে কেন্দ্রীয় মন্ত্রীর এই কটাক্ষ তা স্পষ্ট না করলেও বিষয়টি নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে জোর চর্চা। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে সাংসদ জানান, যাঁরা ঘুরে ঘুরে সংবর্ধনা নিয়ে বেড়াচ্ছেন তাঁদের উদ্দেশেই কথাটি বলেছেন তিনি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শান্তনুর এই মন্তব্যের লক্ষ্য রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।
এই বিষয়ে প্রতিক্রিয়া চাইতে যোগাযোগ করা হলে অশোকবাবু অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরাও। বিজেপি যখন বিরোধী দল ছিল তখন নানা সময়ে সামনে এসেছে বনগাঁয় বিজেপির গোষ্ঠী কোন্দল। একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে বিধায়ক ও সাংসদকে একত্রে পাওয়া যায়নি। ক্ষমতায় আসার পর সেই কোন্দল মিটবে বলেই ভেবেছিলেন কেউ কেউ। কিন্তু রাজনৈতিক মহলকে হতাশই করে চলেছেন বিজেপি নেতৃত্ব। রাজনৈতিক মহলের দাবি, এদিনের ঘটনা দলের কোন্দলকেই প্রকট করেছে।