Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

মেসিকে আবেগঘন বার্তা বেকহ্যামের প্রশংসায় মরিনহো-ডি মারিয়াও, ‘তোমার অবদান চিরকাল থেকে যাবে’

সোমবার রাতেই বিশ্ব ফুটবল আঙিনায় নেমে আসে বিরাট শূন্যতা। দীর্ঘ ২১ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন লায়োনেল মেসি

মেসিকে আবেগঘন বার্তা বেকহ্যামের  প্রশংসায় মরিনহো-ডি মারিয়াও, ‘তোমার অবদান চিরকাল থেকে যাবে’
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফ্লোরিডা: সোমবার রাতেই বিশ্ব ফুটবল আঙিনায় নেমে আসে বিরাট শূন্যতা। দীর্ঘ ২১ বছরের বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানেন লায়োনেল মেসি। ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে এই কথা ঘোষণা করেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন মহাতারকা। আসলে বাবার মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছিলেন মেসি। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দেশের জার্সিতে বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই ব্যাপারে আগেই মনস্থির করে ফেলেছিলেন বলেই জানান লিও। মার্কিন মুলুকে বিশ্বকাপ ফাইনালে হারের পরই কার্যত মানসিকভাবে সেই পথে পা বাড়িয়ে রেখেছিলেন তিনি।

Advertisement

মেসির এই অবসরের কথা ঘোষণার পরই আসে একের পর এক প্রতিক্রিয়া। অনেকেই তাঁকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার এখনও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। সেই তালিকায় রয়েছেন মেসির বর্তমান ক্লাব ইন্তার মায়ামির অন্যতম কর্ণধার তথা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড বেকহ্যাম। গত কয়েক বছরে মেসিকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। তাই তাঁর পক্ষে হঠাৎই লিওকে প্রাক্তন হিসাবে মেনে নেওয়া কঠিন। একইসঙ্গে বেকহ্যাম জানান, ফুটবলকে বিদায় জানালেও খেলার প্রতি তাঁর অবদান চিরকাল অমর হয়ে থাকবে। ইনস্টাগ্রামে মেসির পোস্টের পরই তিনি লেখেন, ‘লিও তুমি শুধু আর্জেন্তিনার নয়, গোটা বিশ্বের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা। যা অর্জন করেছ, তা নিয়ে সকলেই গর্বিত। তোমার পরিবার, বন্ধুবান্ধব, গোটা দেশ। খেলার মধ্যে দিয়ে আর্জেন্তিনার মানুষকে তুমি যে উপহার দিয়েছ, তা সারাজীবন থেকে যাবে। দেশের জার্সিতে তুমি যা যা অর্জন করেছ, তার জন্য অসংখ্য অভিনন্দন।’
বিদায়বেলায় মেসিকে প্রশংসায় ভরিয়েছেন হোসে মরিনহো। ফুটবল মাঠে তাঁরা সবসময় ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। অতীতে রিয়াল মাদ্রিদ ডাগ-আউটে দাঁড়িয়ে লিওকে শান্ত রাখতে কোনো প্রচেষ্টায় খামতি রাখেননি পর্তুগিজ কোচ। তবে এবার মেসিকে প্রশংসায় ভরালেন ‘দ্য স্পেশাল ওয়ান’। মরিনহো বলেন, ‘বর্ণময় আন্তর্জাতিক কেরিয়ারের জন্য তোমায় অসংখ্য অভিনন্দন। তোমাকে ছাড়া পরের কোপা আমেরিকা কিংবা বিশ্বকাপে সেই মাধুর্য আর থাকবে না।’
মেসির দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া লেখেন, ‘তোমার পাশে খেলতে পেরে আমি ভগবানের কাছে কৃতজ্ঞ। আমার কাছে তুমি সর্বকালের সেরা।’ অবসরের পরবর্তী অধ্যায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো। তিনি বলেন, ‘২০২২ বিশ্বকাপ চ্যাম্পিয়ন। আর্জেন্তিনার জার্সিতে একের পর এক নজিরের মালিক। আগামী দিনের জন্য  রইল অভিনন্দন। নীল-সাদা জার্সিতে তোমার অবদান কখনও ভোলা যাবে না।’

Advertisement
সম্পর্কিত সংবাদ