Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লোক আদালতে একদিনের বিচারক পর্বতারোহী পিয়ালি

জাতীয় লোক আদালতে একদিনের জন্য বিচারক হলেন পর্বতারোহী পিয়ালি বসাক। তাঁর দায়িত্ব পালন নিয়ে আদালত চত্বরে আলোচনা। বিস্তারিত পড়ুন।

লোক আদালতে একদিনের বিচারক পর্বতারোহী পিয়ালি
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুকান্ত বসু, কলকাতা: এবার জাতীয় লোক আদালতে অংশ নিলেন ভারতীয় পর্বতারোহী পিয়ালি বসাক। শনিবার তিনি শহরের একটি লোক আদালতের বিশেষ বেঞ্চে বসে একদিনের জন্য সন্মাননীয় বিচারকের দায়িত্ব সামলান। 

Advertisement

তিনি হাসিমুখে বেঞ্চে থাকা বিভিন্ন মামলা অন্য জুরিদের সঙ্গে একত্রে বসে নিষ্পত্তি করেন। যার মধ্যে ছিল বিভিন্ন ব্যাংক সংক্রান্ত মামলাও। ধীর হয়ে তাঁকে বিভিন্ন মামলার নথি পড়তে দেখা যায়। কোর্ট বসার আগে কলকাতা লিগ্যাল এইড কর্তৃপক্ষের কাছ থেকে তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য বুঝে নেন। সহযোগিতা নেন বিচারকদের কাছেও। এরপর শুরু হয়ে যায় মামলার সওয়াল এবং তারপর নিষ্পত্তি। এদিন এই লোক আদালতে উঠেছিল মোটর ও ট্রাফিক সংক্রান্ত মামলা। হুগলির চন্দননগরের বাসিন্দা পেশায় শিক্ষিকা এই পর্বতারোহী বিভিন্ন বিচারপ্রার্থীর উদ্দেশে বলেন, ‘মানুষের জীবনের মূল্য অসীম। তাই ট্রাফিক আইন মেনে প্রত্যেককে গাড়ি চালাতে হবে। তাতে দুর্ঘটনা অনেকাংশে কমবে। তাই এই বিষয়ে আমাদের আরও সচেতন হওয়ার দরকার।’ এদিন তাঁর বেঞ্চে ওঠা বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়ার পর বিচারপ্রার্থীরা তাঁর সঙ্গে হাসিমুখে কথা বলেন। প্রত্যুত্তরে তিনি বিচারপ্রার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই ভালো থাকবেন।’ কলকাতা আইনি সহায়তা কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরা তাঁকে ঘিরে আনন্দপ্রকাশ করেন। আইনি সহায়তা কেন্দ্রের সচিব তথা বিচারক অর্পিতা ঘোষ বলেন, ‘পর্বতারোহী পিয়ালি বসাকের সাফল্যে সারা ভারতের মানুষ আজ গর্বিত। তাঁর এই সাহস ও অদম্য ইচ্ছাশক্তি পর্বতারোহীদের অনুপ্রাণিত করেছে। অসাধারণ সহনশীলতা, দৃঢ সংকল্প এবং কঠোর প্রশিক্ষণের তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত।’ আদালত সূত্রে খবর, কলকাতা লিগ্যাল এইড কর্তৃপক্ষ ও বিচারকদের আন্তরিকতায় এই পর্বতারোহীও খুশি। তিনি তাঁদের অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন।
এদিন ব্যাঙ্কশাল, বিচারভবন এবং কলকাতার কিরণশঙ্কর রায় রোডে কলকাতা নগর দেওয়ানি আদালত ভবনে বসেছিল বিশেষ লোক আদালত। মোট ৪৪টি বেঞ্চ বসেছিল। কলকাতার নগর দেওয়ানি আদালতের একটি বেঞ্চে বিচারক হিসাবে বসেন পিয়ালি বসাক। প্রথমে অনেকেই বুঝতে পারেননি। কিন্ত পরে এই পর্বতারোহীর নাম ছড়াতেই বহু বিচারপ্রার্থী তাঁকে দেখতে আসেন। অনেকে ব্যাঙ্কশাল কোর্ট থেকে হেঁটে নগর দেওয়ানি আদালতে আসেন। অনেকে দূর থেকে হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান। যে মানুষটার মাথায় ২৪ ঘণ্টা পর্বতশৃঙ্গ জয়ের নেশা ঘোরাফেরা করে, সেই মানুষটি বিচারকের দায়িত্ব সামলাচ্ছেন কীভাবে? সেটা ভেবেই কোর্ট চত্বরে নিজেদের মধ্যে এদিন নানা আলোচনায় দিনভর মশগুল থাকেন বিভিন্ন বিচারপ্রার্থীরা ।

Advertisement
সম্পর্কিত সংবাদ