পাটনা: থরে থরে সাজানো ৫০০ টাকার নোটের বান্ডিল। তার সঙ্গে সোনার গয়না, দামি ঘড়ি থেকে সম্পত্তির নথি। বিহারে আমলা দম্পতির বাড়িতে হানা দিয়ে চক্ষু চড়কগাছ ভিজিল্যান্স কর্তাদের। বুধবার পাটনা ও বেগুসরাইয়ে ওই দম্পতির একাধিক আস্তানায় তল্লাশি চালিয়ে বিপুল আয়বহির্ভূত সম্পত্তির হদিশ পেল রাজ্য ভিজিল্যান্স ব্যুরো। অভিযুক্ত দুই আমলা হলেন অতিরিক্ত জেলাশাসক (সাপ্লাই) রবীন্দ্র কুমার দিবাকর ও এবং তাঁর স্ত্রী দানাপুরের জেলা সাব-রেজিস্ট্রার কুমারী সুইটি। তল্লাশির সময় বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় এক কোটি টাকা। ওই নগদ গোনার জন্য আনতে হয় মেশিনও। কোথা থেকে কী উদ্ধার হয়েছে? দম্পতির পাটনার আবাসন থেকে মিলেছে নগদ ৭০ লক্ষ টাকা এবং প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ৪৮টি হাতঘড়ি। এছাড়া বেগুসরাইয়ের পৈতৃক ভিটে থেকে নগদ ৯ লক্ষ টাকা সহ প্রচুর সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত করা হয়েছে। রবীন্দ্র নিজের ও স্ত্রীর নামে পাটনায় প্রায় ১ কোটি ৭ লক্ষ টাকা মূল্যের দু’টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া স্ত্রী ও বাবার নামে পাটনায় আরও প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকার তিনটি জমির হদিশ পেয়েছেন ভিজিল্যান্স ব্যুরোর কর্তারা। আপাতত এসব সম্পত্তির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভিজিল্যান্স ব্যুরো।



