


• জল্পনা ছিলই। অবশেষে সিলমোহর বসালেন দম্পতিই। বিচ্ছেদ হচ্ছে মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার। বৃহস্পতিবার বিচ্ছেদ জল্পনায় সিলমোহর দিয়ে যৌথভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরা। লেখেন, ‘আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিষয়গুলি ব্যক্তিগত ভাবে ও সৌজন্য বজায় রেখে সামলে নেওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন। সেটাই নিচ্ছি। আমাদের ব্যক্তিগত জীবনের রং চড়ানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের বহু কথা শুনছি। কিন্তু আমাদের সম্পর্কের সত্যতা তা নয়।’ বেশ কয়েকদিন ধরেই মৌনীর বিচ্ছেদ জল্পনা চলছিল বলি পাড়ায়। শোনা গিয়েছিল, গত ছ’মাস ধরেই আলাদা থাকছেন দু’জনে। যদিও গত বুধবার সমাজমাধ্যমে এটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। তিনি অনুরোধ করেছিলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে অযথা কাটাছেঁড়া হোক, চান না তিনি। তারপরই বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিলেন তারকা দম্পতি। লিখেছেন, ‘শ্রদ্ধা ও বোঝাপড়া বজায় রেখেই আমরা ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি।’ মৌনী জানিয়েছেন, এই সময়টা একান্ত ব্যক্তিগতই রাখতে চান তিনি ও সুরজ। উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় মৌনী ও সুরজের চারহাত এক হয়েছিল। বাংলা ও মালয়ালি, দুই রীতি মেনেই গাঁটছড়া বেঁধেছিলেন তারকা দম্পতি। তাঁদের রসায়ন সেই সময় চর্চিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার আইনি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন দম্পতি।