নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে রয়েছে অ্যালায়েড হেলথ সায়েন্স বিভাগ। ল্যাব টেকনিশিয়ান সহ নানা জীবিকামুখী কোর্স এখান থেকে করতে পারেন পড়ুয়ারা। এই বিভাগকে আরও উন্নত করতে মঙ্গলবার দু’টি গুরুত্বপূর্ণ চুক্তি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারমধ্যে একটি চুক্তি হয়েছে আইআইটি খড়গপুরের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানের সঙ্গে। অন্য চুক্তিটি হয়েছে একটি বৃহৎ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে। যাদের দক্ষিণবঙ্গজুড়ে একাধিক বৃহৎ হেলথ সেন্টার রয়েছে।
এদিন আসানসোল রামকৃষ্ণ মিশনের অডিটোরিয়ামে একটি আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এই সেমিনারেই মউ স্বাক্ষরিত হয়। জানা গিয়েছে, আইআইটি খড়গপুরের স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যাণ্ড টেকনোলজি বিভাগের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি হয়েছে, তাতে পড়ুয়ারা সেখানে গিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। আইআইটি’র অধ্যাপকরাও এখানে এসে ক্লাস ও প্রশিক্ষণ দেবেন। স্বাভাবিকভাবেই পড়ুয়াদের শিক্ষার মান আরও উন্নত হবে। চাকরি পাওয়ার সুযোগও বাড়বে। সেই সুযোগ আর নিশ্চিত করতে বৃহৎ ওই বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গেও মউ স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিনই আবার একটি বহুজাতিক সংস্থার সঙ্গেও বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি বিভাগ মউ স্বাক্ষর করেছে। এরফলে সেই সংস্থা যেভাবে পরিবেশের নানা বিষয় নিয়ে কাজ করে, এখানকার পড়ুয়ারাও তাঁদের প্রজেক্টের অংশ হতে পারবেন। সবমিলিয়ে প্রতিটি মউ পড়ুয়াদের আরও কর্মমুখী করে তুলতে সহায়ক ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পড়ুয়ারা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি আর পড়তে চাইছেন না। তাঁরা আধুনিক কর্মমুখী কোর্স করতে চান। যে কোর্স করলে তাঁরা নিজেরা কোনো প্রতিষ্ঠান করেও প্রতিষ্ঠিত হতে পারে। আমাদের অ্যালায়েড হেলথ সায়েন্স বিভাগ ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মসংস্থানের সুযোগ থাকায় পড়ুয়া সংখ্যাও বেশি। আমরা আরও বেশি করে কর্মমুখী কোর্স খুলতে চাইছি। এদিন যে সব মউ হয়েছে এতে পড়ুয়াদের ভীষণ উপকার হবে।’ তিনি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একটি উন্নতমানের রাস্তা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে করা হবে। এছাড়াও একাধিক বিল্ডিংয়ের সম্প্রসারণ প্রস্তাব দপ্তরে পাঠানো হয়েছে।