লক্ষৌ, ৮ জুন: মদের নেশায় প্রায়শই বাড়িতে অশান্তি লেগেই থাকতো। সেই মদের নেশাই এবার কাল হল। অশান্তি লেগে থাকলেও কেউ ধারণাও করতে পারেনি, রোজকারএই অশান্তির পরিণতি হবে এমন ভয়ানক। ছেলের হাতে খুন হতে হলো মাকে। উত্তরপ্রদেশের বান্দার গুরেহ গ্রামের ঘটনা। ৩৫ বছরের রামচরণ প্রতিদিনের মতন আকন্ঠ মদ্যপান করে বাড়ি ফেরে। রবিবার ফিরে ছিল। তারপরে প্রথমে তার ঝগড়া শুরু হয় বোন গুড়িয়ার সঙ্গে। সেই ঝগড়া থামাতে এগিয়ে আসেন ৭৫ বছরের বৃদ্ধা মা রামরতি। ছেলেকে শান্ত করতে যেতেই ফল হয় উল্টো। এক ধাক্কায় মাকে মাটিতে ফেলে দেয়, গুণধর ছেলে। এরপর পাশে পড়ে থাকা একটি ইট দিয়ে মায়ের মাথায় বারবার আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। রবিবার রাতেই গ্রেফতার করা হয় রামচরণকে। তার বিরুদ্ধে খুনের মামলার রুজু করেছে পুলিশ।



