নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোথাবাড়িতে বিচারক নিগ্রহ কাণ্ডের দু’টি পৃথক মামলায় মঙ্গলবার কলকাতার বিচারভবনে ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট দিল এনআইএ। একটি মামলায় জেল হেপাজতে থাকা একজন এবং অন্য একটি মামলায় অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হয়। ঘটনার দিন অভিযুক্তরা নানা উসকানিমূলক কাজকর্মে জড়িত ছিল বলে অভিযোগ আনে এনআইএ তাদের চার্জশিটে। পাশাপাশি এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদেরও নিগ্রহের নানা অভিযোগ আনা হয় ওই নথিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সরকারি কৌঁসুলি শ্যামল ঘোষ বলেন, ‘শীঘ্রই অভিযুক্তদের হাতে চার্জশিটের প্রতিলিপি সরবরাহ করা হবে। আমরা চাই, এই মামলায় দ্রুত চার্জ গঠন প্রক্রিয়া শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে মূল মামলার বিচার প্রক্রিয়া শুরু করার।’



