নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সব্জির বাজারে দাম নিয়ন্ত্রণে হিমশিম ‘ডাবল ইঞ্জিন’ সরকার। বিশেষত গ্রামাঞ্চলে। বিজেপি-এনডিএ শাসিত সিংহভাগ রাজ্যেই মূল্যবৃদ্ধির হার জাতীয় গড়ের চেয়ে বেশি। গোটা দেশের ১৩টি রাজ্যের গ্রামাঞ্চলে এই চিত্র। এর মধ্যে জম্মু-কাশ্মীর, কেরল, পাঞ্জাব, তামিলনাড়ু এবং কর্ণাটক বাদে বাকি আটটি রাজ্যেই ‘ডাবল ইঞ্জিন’ সরকার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে চলা পশ্চিমবঙ্গ বেশ ভালো জায়গায়। বাংলার গ্রামাঞ্চলে দাম অপেক্ষাকৃত সস্তা। খোদ সরকারি রিপোর্টেই উঠে এল এই তথ্য।
শহর এবং গ্রাম—দেশের দুই ক্ষেত্রে মূল্যবৃদ্ধির হার নিয়ে কয়েকদিন আগে রিপোর্ট প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ব্যাঙ্কের গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইসার সৌম্যকান্তি ঘোষের নেতৃত্বে এই সমীক্ষা করা হয়েছিল। তার রিপোর্ট বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের গ্রামাঞ্চলে সার্বিক মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৭৯ শতাংশ। কিন্তু সেই জাতীয় হারকে টপকে গিয়েছে সিংহভাগ ডাবল ইঞ্জিন রাজ্য। রিপোর্ট বলছে, গোয়ার গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির হার ছিল ৬.২ শতাংশ। পিছিয়ে নেই ছত্তিশগড় (৫.৬), মধ্যপ্রদেশ (৪.১), ওড়িশা (৪.৩), হরিয়ানা (৪.৫), বিহার (৪.৩), উত্তরপ্রদেশ (৩.৮) এবং পুদুচেরি (৪.২)। সেই হিসেবে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধির হার ছিল ৩.১ শতাংশ। জাতীয় গড়ের চেয়ে যা অনেকটা কম। সার্বিকভাবে গোটা দেশে মূল্যবৃদ্ধির হার যেখানে ছিল ৩.৬১ শতাংশ, সেই ক্ষেত্রেও ‘এগিয়ে বাংলা’। হার ৩.১ শতাংশ। এই তালিকায় শীর্ষে রয়েছে বামশাসিত কেরল (৭.১ শতাংশ)।
তবে পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে মূল্যবৃদ্ধির হার অবশ্য জাতীয় গড়ের থেকে একটু বেশি। সার্বিকভাবে দেশের শহরাঞ্চলে যেখানে মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৩২ শতাংশ, বাংলায় তা ছিল ৫ শতাংশ। যদিও ডাবল ইঞ্জিন মধ্যপ্রদেশে সেই হার ৯.৬ শতাংশ। অর্থাৎ, মূল্যবৃদ্ধি রুখতে একপ্রকার ব্যর্থ সিংহভাগ ডাবল ইঞ্জিন রাজ্যই। যেখানে বাংলার গ্রামের মানুষ এখনও সুলভে পাচ্ছেন সব্জি, খাদ্যশস্য।