


সংবাদদাতা, ঘাটাল: আগামীকাল ঘাটাল মহকুমার দাসপুর, ঘাটাল এবং চন্দ্রকোণা এই তিনটি বিধানসভা এলাকায় মোট আট লক্ষ ৫৫ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দেবেন। সবচাইতে বেশি ভোটার রয়েছে দাসপুর বিধানসভা কেন্দ্রে, সেখানে মোট ভোটারের সংখ্যা দুই লক্ষ ৯৬ হাজার ৪৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে চন্দ্রকোণা বিধানসভা। চন্দ্রকোণায় ভোটারের সংখ্যা দু’ লক্ষ ৮২ হাজার ৮২০ এবং ঘাটাল বিধানসভায় মোট ভোটার দু’ লক্ষ ৭৮ হাজার ৫৬৯ জন ভোটার রয়েছেন।
ঘাটাল মহকুমার সামগ্রিক ভোটার তালিকায় পুরুষ ও মহিলার সংখ্যার মধ্যে একটি সামঞ্জস্য লক্ষ্য করা গিয়েছে। মহকুমায় মোট ৪ লক্ষ ৩৬ হাজার ৯২ জন পুরুষ এবং চার লক্ষ ১৯ হাজার ৩৪২ জন মহিলা ভোটার রয়েছেন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, দাসপুর বিধানসভায় এক লক্ষ ৪৯ হাজার ৯০৩ জন পুরুষ ও এক লক্ষ ৪৬ হাজার ১৪২ জন মহিলা ভোটার রয়েছেন। ঘাটাল কেন্দ্রে পুরুষ ভোটার এক লক্ষ ৪১ হাজার ১৮৯ জন এবং মহিলা ভোটার এক লক্ষ ৩৫ হাজার ৩৮০ জন। অন্য দিকে, চন্দ্রকোণায় এক লক্ষ ৪৫ হাজার জন পুরুষ ভোটারের বিপরীতে এক লক্ষ ৩৭ হাজার ৮২০ জন মহিলা ভোটার তালিকাভুক্ত হয়েছেন। উল্লেখ্য যে, এই তিনটি বিধানসভা কেন্দ্রের একটিতেও কোনও তৃতীয় লিঙ্গের ভোটার নেই।
মহকুমার লোক সংখ্যা ১২ লক্ষ ১১ হাজার ৫৩৯ জন। পুরুষ ও মহিলার অনুপাত ১০০০:৯৬২। দাসপুর বিধানসভায় এই হার সর্বাধিক ৯৭৫। এছাড়া মোট ভোটারের মধ্যে ৬৯৭ জন সার্ভিস ভোটার এবং ৬ হাজার ৬৪৮ জন বিশেষভাবে সক্ষম ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন।
জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানানো হয়েছে, নির্বাচন পরিচালনার জন্য বুথের বিন্যাসেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মহকুমা জুড়ে মোট এক হাজার ৮৫টি বুথে ভোটগ্রহণ করা হবে, যার মধ্যে ৯৮০টি মূল বুথ এবং ১০৫টি সহায়ক বুথ বা অক্সিলিয়ারি পোলিং স্টেশন রয়েছে। চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রে সবথেকে বেশি ৩৬৬টি বুথ থাকছে, যার মধ্যে মূল বুথ ৩২৯টি এবং সহায়ক বুথ ৩৭টি। দাসপুরে মোট ৩৬২টি বুথের মধ্যে ৩৩১টি মূল ও ৩১টি সহায়ক বুথ এবং ঘাটাল কেন্দ্রে ৩২০টি মূল ও ৩৭টি সহায়ক মিলিয়ে মোট ৩৫৭টি বুথ তৈরি করা হয়েছে। ব্লকের নিরিখে দেখলে দাসপুর-২ ব্লকে বুথের সংখ্যা সবথেকে বেশি, সেখানে মোট ২৪০টি বুথ রয়েছে। এছাড়া ঘাটাল ব্লকে ২৯৪টি, চন্দ্রকোণা-১ ব্লকে ১৮৪টি এবং চন্দ্রকোণা-২ ব্লকে ১৫৩টি বুথ থাকছে। মহকুমার তিনটি বিধানসভার মোট ১০৮৫টি বুথের মধ্যে প্রত্যেক বিধানসভা এলকায় ১০টি করে মোট ৩০টি মহিলা পরিচালিত বুথ থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
এই বিপুল সংখ্যক বুথগুলি পরিচালনা করার জন্য সমগ্র মহকুমায় বেশ কয়েকটি সেক্টর অফিস করেছে প্রশাসন। সব মিলিয়ে আসন্ন নির্বাচনের জন্য ঘাটাল মহকুমা জুড়ে প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।