ইম্ফল, ৭ সেপ্টেম্বর: এসআইআরের পর দেশ জুড়ে চলছে জনগণনার কাজ। আর তাতেই মায়ানমার সীমান্তবর্তী মনিপুরে সামনে এলো বিপুল পরিমাণ অবৈধ বাসিন্দা সংখ্যা। সোমবার মনিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দস কোন্থৌজাম বলেছেন, রাজ্যে মোট ২৪ হাজার ৪৭৫ জন অবৈধ অভিবাসীকে সনাক্ত করা হয়েছে। এরা সকলেই মূলত মায়ানমারের বাসিন্দা। যাদের মধ্যে ১৪ হাজার ৯৯২ জনকে মায়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বাকি ৯৪৮৩ জন রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছেন। তাদেরও নিজেদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
তবে মনিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী এই অবৈধ অভিবাসীদের সনাক্ত করার সময়কাল সম্পর্কে কোন বিস্তারিত তথ্য দেননি। উত্তর-পূর্বের এই রাজ্যে এখন বিধানসভার অধিবেশন চলছে। সেখানেই কংগ্রেস বিধায়ক টি লোকেশ্বর সিং-এর প্রশ্নের জবাবে কোন্থৌজাম বলেন, কামজং জেলায় ৬৫৪৫ জন, তেংনৌপালে ৩৫৬০ জন, এবং চান্দেলে ১৪ হাজার ৩৭০ জন অবৈধ বাসিন্দাকে শনাক্ত করা হয়েছে।
মনিপুরের মন্ত্রী বলেন চান্দেলের সনাক্ত হওয়া ১৪৩৭০ জন অবৈধ অভিবাসীর মধ্যে ৯৬০০ জন মায়ানমারে ফিরে গিয়েছেন বাকি ৪৭৭০ জন এখনো ওই জেলাতেই রয়েছেন। অন্যদিকে তেংনৌপালে সনাক্ত হওয়া অবৈধ বাসিন্দাদের মধ্যে মাত্র ১৪ জন মায়ানমারে ফিরে গেছেন বাকি ৩৫৪৬ জন এখনো ওই জেলাতেই রয়েছেন। অন্যদিকে কামজাং জেলার ৬৫৪৫ জন অবৈধ বাসিন্দার মধ্যে ৫৩৭৮ জন ফিরে গেছেন নিজের দেশে। মণিপুর এর থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের রাখা হয়েছে সীমান্তবর্তী জেলাগুলোর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে।