পাটনা: বিহারের জামুইয়ে পথ আটকে কিশোরীকে হেনস্তা ও যৌন নিগ্রহের ঘটনায় তোলপাড় সারা দেশ। এরইমধ্যে বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে স্থানীয় বিধায়ক তথা বিহারের ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং। মন্ত্রী বলেন, ‘নীতি পুলিশি আরও মার্জিত ও ভদ্রভাবে করা যায়। তবে ওরা যেভাবে হেনস্তা ও দুর্ব্যবহার করেছে, তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না।’ এই মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়ে মন্ত্রীর সাফাই, ‘কে কীভাবে জীবন যাপন করবেন, তা নিয়ে কারও মতামত থাকতেই পারে। তবে তা আরও শালীনভাবে প্রকাশ করা যায়।’ সোমবারই বিহার সরকারের আর এক মন্ত্রী শ্রাবণ কুমার জামুইকাণ্ডকে ‘ছোটোখাটো ঘটনা’ বলে বিতর্কে জড়িয়ে ছিলেন। এরইমধ্যে শ্রেয়সীর বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধী শিবির। সোশ্যাল মিডিয়া পোস্টে বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা তেজস্বী যাদবের কটাক্ষ, ‘নীতি পুলিশের নামে যৌন হেনস্তা, ধর্ষণ বা খুন আরও ভদ্রভাবে হোক, এমনটাই কি চাইছেন মন্ত্রী?’
এদিকে, পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে ওই নাবালিকা ও তার সঙ্গীকে হেনস্তায় মূল অভিযুক্ত নন্দন যাদব। মঙ্গলবার সকালে তাকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, সে সময় নন্দন পালিয়ে মাদওয়া হিলে লুকিয়ে পড়ে। তখন গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। সেই সময় পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলি অভিযুক্তর বাঁ পায়ে লাগে। এডিজি (আইন-শৃঙ্খলা) কে সুহিতা অনুপম বলেন, জামুই সদর হাসপাতালে চিকিৎসাধীন নন্দন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্লীলতাহানির ভাইরাল ভিডিয়োতে ওড়নায় মুখ ঢাকা অভিযুক্ত নন্দন। এখনও পর্যন্ত এই ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। বাকি তিনজন নাবালক।
গত শনিবার জামুইতে টিউশন শেষে স্কুটারে করে স্থানীয় মাদওয়া পাহাড়ে বেড়াতে যায় দশম শ্রেণির এক ছাত্র ও ছাত্রী। সেখানে তাদের পথ আটকে হেনস্তা ও শ্লীলতাহানি করে একদল দুষ্কৃতী। কিশোরীকে পিছন থেকে জাপটে ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে নন্দন। এই নারকীয় নিগ্রহের ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। এদিন তেজস্বী এই ঘটনায় মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন। তাঁর অভিযোগ, জামুইয়ের ঘটনা দেখিয়ে দিল রাজ্যে মহিলারা নিরাপদ নয়। বিহারে গুন্ডারাজ চলছে। প্রবল চাপের মুখে উপ মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনা। যত নিন্দাই করা হোক, তা যথেষ্ট হবে না। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। সকলকে গ্রেপ্তার করা হয়েছে। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তার চেষ্টা করবে সরকার।’ নিয়ে যাওয়া হচ্ছে আহত অভিযুক্তকে।