Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ইমেল খুলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিবের নামে টাকা চাইছে প্রতারকরা!

ভুয়ো মেল আইডি খুলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিবের নাম করে টাকা চাইছে প্রতারকরা! বিভিন্ন দপ্তরের আইএএস এবং আইপিএস অফিসারদের মেল পাঠানো হচ্ছে!

ভুয়ো ইমেল খুলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিবের নামে টাকা চাইছে প্রতারকরা!
  • ১১ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভুয়ো মেল আইডি খুলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিবের নাম করে টাকা চাইছে প্রতারকরা! বিভিন্ন দপ্তরের আইএএস এবং আইপিএস অফিসারদের মেল পাঠানো হচ্ছে! যাঁরা রিপ্লাই করছেন, তাঁদের কাছেই টাকা চাওয়া হচ্ছে। বিষয়টি নজরে আসতেই বুধবার সল্টলেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দপ্তরের পক্ষ থেকে এক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওই অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই প্রতারণা করেছে, ডিজিটাল নথির ভিত্তিতে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

পুলিশ ও দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতারকরা দু’টি ভুয়ো মেল আইডি খুলেছে। ওই আইডি ব্যবহার করে সল্টলেকে অবস্থিত পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিব ছোটেন ধেনদুপ লামার নামে বিভিন্ন আধিকারিককে মেল পাঠাচ্ছে প্রতারকরা। প্রথমে প্রতারকরা প্রধান সচিবের নামে একটি মেল পাঠিয়ে প্রশ্ন করছে, ‘আপনি কী আমার আগের চিঠি পেয়েছেন’? যেহেতু তিনি দপ্তরের প্রধান সচিব, তাই তাঁর নামে মেল পেয়ে অনেকেই রিপ্লাই করেছেন। রিপ্লাই করলেই প্রতারকরা বিভিন্ন ইমার্জেন্সি কারণ দেখিয়ে টাকা চাইছে। ইতিমধ্যেই গত কয়েকদিনে অসংখ্য মানুষের কাছে মেল পাঠানো হয়েছে। প্রথমে একাধিক আইএএস আধিকারিককে পাঠানো হয়েছে। তারপর আইপিএস। এ ব্যাপারে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রধান সচিব ছোটেন ধেনদুপ লামা বলেন, এই ভুয়ো মেল আইডি নিয়ে আমরা সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছি। অনেক আইএএস এবং আইপিএস অফিসারের কাছে মেল গিয়েছে। অনেকে আমাকে ফোন করেও জানতে চেয়েছেন। সবাইকে টাকা পাঠাতে নিষেধ করেছি। এগুলি সবই ফিশিং মেল।

Advertisement
সম্পর্কিত সংবাদ