তিরুবনন্তপুরম: আর্থিক তছরুপ মামলায় কিছুদিন আগেই কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার এই সিপিএম নেতার মেয়ে বীনা বিজয়নকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। শুক্রবার কোচির ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, বীণা ছাড়াও আরও ৯ জনকে তলব করা হয়েছে এই মামলায়। তদন্তকারীদের দাবি, বীণার মালিকানাধীন আইটি সংস্থা ‘এক্সালজিক সলিউশনস’-এ অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০১৭-২০২১ সালের মধ্যে সিএমআরএল কোনো পরিষেবা না নিয়েই এক্সালজিককে ১.৭২ কোটি টাকা মাসিক পারিশ্রমিক দিয়েছে। ইডির দাবি, এই লেনদেন অর্থ পাচার ও ঘুষের অংশ। সম্প্রতি ওই সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি। সেই অভিযানে উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল তথ্যের ভিত্তিতেই এবার জিজ্ঞাসাবাদ করা হবে বীণাকে।



