Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টিভির সামনে বসে নিকোলাসকে ম্যাচ শোনাবেন মা

২০১৯ সাল। ব্রাজিলিয়ান ফুটবল লিগে পামেইরাসের সামনাসামনি করিন্থিয়ান্স।

টিভির সামনে বসে নিকোলাসকে ম্যাচ শোনাবেন মা
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সাও পাওলো: ২০১৯ সাল। ব্রাজিলিয়ান ফুটবল লিগে পামেইরাসের সামনাসামনি করিন্থিয়ান্স। স্টেডিয়াম ফুটছে টগবগিয়ে। টেলিভিশন ক্যামেরায় ভেসে উঠল অবাক করা দৃশ্য। পামেইরাসের গ্যালারিতে দৃষ্টিহীন খুদে অনুরাগীকে পরম উৎসাহে ম্যাচ বুঝিয়ে দিচ্ছেন এক মহিলা। ব্যাপারটা ঠিক কী? ম্যাচের পরেই খোঁজ শুরু। জানা গেল, ভদ্রমহিলার  পরিচয়। ফুটবল বিশ্ব মুগ্ধ, বিস্মিতও বটে। ১১ বছরের ছেলে নিকোলাসকে নিয়ে মাঠে হাজির সিলভিয়া গ্রেকো। ছেলে দৃষ্টিহীন।  ছোটো থেকেই অসুস্থ। দেখতে পায় না কিছুই। মাঠের ঘাস, প্রিয় পামেইরাসের জার্সির রং, নীল আকাশ সবই বর্ণহীন নিকোলাসের কাছে। মায়ের মুখেই ওর ফুটবল চেনা। গোলের চিৎকার, উত্তেজনা স্পর্শ করে সবকিছুই। মায়ের মন তো! প্রতিটা মুহূর্ত বুঝিয়ে দেন আদরের সন্তানকে। 

Advertisement

মা-ছেলের গল্প মুহূর্তে ভাইরাল। ফিফা কর্তারাও আবেগাপ্লুত। ফিফা ফ্যানস অব দ্য ইয়ারে সম্মানিত হন সিলভিয়া। পুরস্কারের মঞ্চে ছেলে নিকোলাসকে নিয়েই উপস্থিত ছিলেন মা। আসলে ফুটবল মানেই এমন বাঁধনছাড়া আবেগ। যুক্তিতে যার ব্যাখ্যা পাওয়া ভার। আগামী ১২ জুন শুরু বিশ্বকাপ। আমেরিকা, মেক্সিকো, কানাডায় ভিড় জমাবেন সমর্থকরা। টিভির সামনে বসে সিলভিয়াও নিশ্চয়ই ম্যাচ শোনাবেন নিকোলাসকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ