শিবাজী চক্রবর্তী, কলকাতা: আকাশে কালো মেঘের চাদর। ঝিরঝিরে বৃষ্টি। তার মাঝেই ছাতা মাথায় যুবভারতীতে হাজির জনা ৫০ মোহন বাগান সমর্থক। শনিবার ডার্বি। বিশ্বকাপের রেশ শিকেয় তুলে অনুরাগীদের ফোকাসে শুধুই বড়ো ম্যাচ। ক্লোজড ডোর অনুশীলন থাকায় ব্যারিকেডের বাইরে রইলেন তারা। কিন্তু প্র্যাকটিস শেষে লিস্টনদের কাছে গোলের আবদার রইলই। অনলাইন ও অফলাইনে টিকিট বিক্রি হচ্ছে। তবে অন্যবারের মতো আকাশছোয়া চাহিদা দেখা যাচ্ছে না। তবে আয়োজকদের আশা, শেষ মুহূর্তে স্টেডিয়াম ঠিকই ভরে যাবে।
প্যানাজিওটিস ডিম্পেরিসের এটাই প্রথম ডার্বি। অভিষেকের আগে বেশ সতর্ক তিনি। জিতলে জয়ধ্বনি, অন্যথায় গলায় বিঁধবে অস্বস্তির কাঁটা। তবে বড্ড তাড়াতাড়ি পরীক্ষায় বসতে হচ্ছে দীর্ঘদেহী কোচকে। বেচারা সিলেবাস বোঝার আগেই অ্যাসিড টেস্ট হাজির। ডার্বির ৪৮ ঘণ্টা আগে কতটা তৈরি পানোস ব্রিগেড? বৃহস্পতিবার অনুশীলনে ইঙ্গিত, ভারতীয় স্কোয়াডেই ভরসা রাখবেন সবুজ-মেরুন সারথি। বিদেশিদের মধ্যে ড্র্যাজিচ সদ্য যোগ দিয়েছেন। ফিট হতে সময় লাগবে। সেক্ষেত্রে পরিবর্ত হিসাবে খেলানোর সম্ভাবনা বেশি। পাশাপাশি স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তোর আসার কথা শুক্রবার। তাঁকেও রিজার্ভে রাখা হতে পারে। পাঞ্জাব এফসি’র কোচ থাকাকালীন ৪-২-৩-১ ফর্মেশনে দলকে খেলাতেন গ্রিসের কোচ। মোহন বাগানেও স্ট্র্যাটেজি পালটানোর সম্ভাবনা কম। সেক্ষেত্রে অভিষেক, রাহুল ভেকে, মেহতাব ও শুভাশিসকে দিয়ে ব্যাক ফোর সাজাতে পারেন তিনি। ডাবল পিভট আপুইয়া ও অনিরুদ্ধ থাপা। তাদের ঠিক উপরে ফিড করার দায়িত্বে সাহাল। দুই প্রান্তে লিস্টন ও কিয়ানের ডানা মেলার সম্ভাবনা। সিঙ্গল স্ট্রাইকারের ভূমিকায় দেখা যেতে পারে মনবীরকে। তবে ফুটবলারদের ফিটনেস দেখেই চূড়ান্ত হবে সবকিছু। ডার্বির কথা ভেবেই ঘরোয়া লিগে একঝাঁক সিনিয়রকে খেলিয়েছিল মোহন বাগান। কালীঘাট এমএসের বিরুদ্ধে লক্ষ্যভেদ ছিল মনবীরের। গোলমেশিন জেমি ম্যাকলারেনের ভিসা সমস্যা। অস্ট্রেলিয়ায় আটকে তিনি। পাশাপাশি, এই ম্যাচে সায়ন ব্যানার্জি, তন্ময়ের দিকেও নজর রাখতে হবে। মোহন বাগানের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। এই জায়গায় প্রতিপক্ষের চেয়ে এগিয়ে তারা। গত মরশুমে ৯০ মিনিটে একটি ডার্বিও জেতেনি মোহন বাগান। আইএফএ শিল্ড ফাইনালের ফয়সালা হয় টাই-ব্রেকারে। তার উপর প্লে-মেকারের অভাবেও ভুগিয়েছে। ভুল শুধরে এবার ব্রাজিলিয়ান মিগুয়েলকে রিক্রুট করা নিঃসন্দেহে দারুণ পদক্ষেপ। কিন্তু এখনও ভিসাই পাননি এই ব্রাজিলিয়ান ফুটবলার।