Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

লিগ টেবিলের শীর্ষে ওঠাই আজ লক্ষ্য মোহন বাগানের, যুবভারতীতে প্রতিপক্ষ দুর্বল মহমেডান স্পোর্টিং

শুক্রবার বিকেলে যুবভারতীতে জামশেদপুরের বিরুদ্ধে খেলছে ইস্ট বেঙ্গল। আবেগে ভরপুর লাল-হলুদ সমর্থকরা মাঠে ঢোকার আগে দেখে নিলেন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনরত চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে। ভেসে এল কিছু টিপ্পনিও।

লিগ টেবিলের শীর্ষে ওঠাই আজ লক্ষ্য মোহন বাগানের, যুবভারতীতে প্রতিপক্ষ দুর্বল মহমেডান স্পোর্টিং
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: শুক্রবার বিকেলে যুবভারতীতে জামশেদপুরের বিরুদ্ধে খেলছে ইস্ট বেঙ্গল। আবেগে ভরপুর লাল-হলুদ সমর্থকরা মাঠে ঢোকার আগে দেখে নিলেন প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলনরত চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে। ভেসে এল কিছু টিপ্পনিও। কিন্তু তা কানে নেওয়ার সময় কোথায় দিমিত্রি পেত্রাতোস-অনিরুদ্ধ থাপাদের। শনিবার মহমেডান স্পোর্টিংকে বড় ব্যবধানে হারিয়ে লিগ শীর্ষে ওঠাই যে তাঁদের লক্ষ্য। আর তাই কোচ সের্গিও লোবেরার তত্ত্বাবধানে নিজেদের নিখুঁত করে তুলতে ব্যস্ত সবুজ-মেরুন ফুটবলাররা। অতীতে এই ম্যাচকে ‘বড়ো’ বলা হত। গত কয়েক দশকে নাম বদলে হয় ‘মিনি ডার্বি’। কিন্তু এখন প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং মানে নিছকই একটি সাদামাটা ম্যাচ। কালের গর্ভে যাওয়ার দিকে এগিয়ে চলেছে শতাব্দীপ্রাচীন সাদা-কালো ব্রিগেড। 

Advertisement

গত ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে ৬৩ শতাংশ বল পজেশন রেখে পাসের ফুলঝুড়ি ছড়িয়েছিলেন আপুইয়ারা। মহমেডানের বিরুদ্ধে সেই স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত হচ্ছে আল্ট্রা-প্রেসিং ফুটবল। নিজেদের পায়ে বল থাকলে তো কথাই নেই, আর প্রতিপক্ষ বেশি পাস খেলার আগে তা কেড়ে নেওয়াই মোহন বাগানের লক্ষ্য। এদিন মাত্র ৪৫ মিনিটেই অনুশীলনে ইতি টানলেন কোচ লোবেরা। ছোটো মহড়ায় পাসিং ও শ্যুটিং ঝালিয়ে নিলেন ম্যাকলারেনরা। অনুশীলন থেকে আন্দাজ করা যায়, উইনিং কম্বিনেশনে হাত নিতে নারাজ স্প্যানিশ কোচ। 
এবার লিগের শুরু থেকেই ছন্দে রয়েছে মোহন বাগান। প্রথম দু’টি ম্যাচই (কেরল ব্লাস্টার্স ও চেন্নাইয়ান এফসি) জিতেছে সহজে। গোল পেয়েছে চারটি। তার মধ্যে দু’টি লক্ষ্যভেদ জেমি ম্যাকলারেনের। গতবার চোটের কারণে শুরুতে কিছুটা ম্রিয়মাণ ছিলেন তিনি। কিন্তু শেষদিকে গোলের বন্য বইয়ে গোল্ডেন বুট দখল করেন ম্যাকা। এবারও সেই পুরস্কার ধরে রাখা তাঁকে বাড়তি মোটিভেশন জোগাচ্ছে। তবে গোলের জন্য ম্যাকলারেন তাকিয়ে রয়েছেন স্বদেশি দিমিত্রি পেত্রাতোসের দিকে। লোবেরা জমানায় নতুন ভূমিকায় দিমি। এই প্রসঙ্গ ম্যাকলারেনের মন্তব্য, ‘১১ বছর আগে অস্ট্রেলিয়ায় আমরা এক দলে খেলেছি। তখন থেকেই ওর সঙ্গে খেলা উপভোগ করি। এত বছর পরেও সেই জুটিতে মরচে পড়েনি। ডিপ থেকে খেললেও ও গোল করতে পছন্দ করে। মোহন বাগানের প্রধান সম্পদ দলগত সংহতি। আমরা মাঠে নেমে একে অপরের ভুলত্রুটি ঢাকার চেষ্টা করি।’ 
এদিকে, বিবিধ সমস্যায় জর্জরিত মহমেডান স্পোর্টিং। স্বদেশি ব্রিগেড নিয়েই আইএসএলে খেলতে হচ্ছে তাদের। প্রথম দু’টি ম্যাচে হেরে আত্মবিশ্বাস তলানিতে। কোচ মেহরাজউদ্দিন জানালেন, ‘মোহন বাগান চ্যাম্পিয়ন দল। তবে আমরা সীমিত শক্তি নিয়েই লড়াই করব। ফুটবলাররা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে রয়েছে। সেটাই আমাদের হাতিয়ার।’ উল্লেখ্য, এদিন ঘরের মাঠে চূড়ান্ত প্রস্তুতি সারলেন গৌরভরা।
  যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টস টু চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ