Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

নতুন উদ্যমে মাঠে নামুক মোহন বাগান

ডার্বির ফলের উপর নির্ভর করবে লিগের ভাগ্য। অতীতে খুব কমই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম ২০০৮ সালে কলকাতা লিগের ফিরতি পর্বের বড় ম্যাচ। সেবার প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়েও লালম পুইয়ার জোড়া গোলের সুবাদে জিতে মাঠ ছেড়েছিল মোহন বাগান।

নতুন উদ্যমে মাঠে নামুক মোহন বাগান
  • ১৫ মে, ২০২৬ ০৮:১৪
Prefer us on Google

লালকমল ভৌমিক: ডার্বির ফলের উপর নির্ভর করবে লিগের ভাগ্য। অতীতে খুব কমই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তার মধ্যে অন্যতম ২০০৮ সালে কলকাতা লিগের ফিরতি পর্বের বড় ম্যাচ। সেবার প্রথম লেগে শুরুতে পিছিয়ে পড়েও লালম পুইয়ার জোড়া গোলের সুবাদে জিতে মাঠ ছেড়েছিল মোহন বাগান। তাই ফিরতি পর্বে অনেক বেশি তাগিদ ছিল ইস্ট বেঙ্গলের। তারউপর লিগ খেতাব নিশ্চিত করতে জয় ছাড়া কোনও বিকল্প ছিল না ওদের সামনে। আর ড্র করলেই চ্যাম্পিয়ন হত মোহন বাগান। তবে ম্যাচের আগে কোচ করিম বেঞ্চারিফা বারবার বলেছিলেন, সব ভুলে জয়ের জন্য ঝাঁপাতে। কারণ, ড্রয়ের লক্ষ্যে নেমে হেরে মাঠ ছাড়ার উদাহরণ ময়দানের বটতলায় অজস্র হয়েছে। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরি আমরা। ম্যাচের ২৫ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেয় ব্যারেটো। সেই লিড অনেকক্ষণ ধরে রেখেছিলাম। কিন্তু ৮৫ মিনিটে এডমিলসনের দুরন্ত গোলে সমতায় ফেরে ইস্ট বেঙ্গল। যাই হোক, শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয় মোহন বাগান।

Advertisement

সামনে আরও এক বড় ম্যাচ। ২০০৮ সালের নিরিখে এবারের পরিস্থিতি অনেকটাই আলাদা। সেবার জিততেই হত ইস্ট বেঙ্গলকে। আর এবার একই অবস্থা মোহন বাগানের। আইএসএলের শেষ দু’টি ম্যাচে পয়েন্ট খুইয়ে নিজেরাই নিজেদের পথ কঠিন করেছে সবুজ-মেরুন ব্রিগেড। তবে লোবেরার দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। বিশেষত আপফ্রন্টে জেমি ম্যাকলারেন দারুণ ছন্দে। তবে বাকি দুই অজি ফুটবলার জেসন কামিংস ও দিমিত্রি পেত্রাতোসকে এতটা বিবর্ণ কখনও দেখায়নি। একই হাল আধা ফিট রবসনের। গত মরশুমে মোহন বাগানের লিগ-শিল্ড ও আইএসএল ট্রফি জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিল গ্রেগ স্টুয়ার্ট। চলতি মরশুমে ওর অভাব ঢাকার লোক এই দলে নেই। একইসঙ্গে একজন লিডারের খুব দরকার। আমাদের সেই দলে ব্যারেটো ছিল। সামনে থেকে দলকে নেতৃত্ব দিত। আলবার্তো, ম্যাকলারেনদের সেই দায়িত্ব নিতে হবে। 
রবিবারের ডার্বিতে মোহন বাগানকে এগিয়ে রাখব। বিশেষত ইস্ট বেঙ্গল মাঝমাঠে সাউল ক্রেসপো আর শৌভিকের না থাকাটা বড় ধাক্কা। মোহন বাগানেও আপুইয়া না থাকলে সমস্যা বাড়বে। তবে লোবেরার হাতে বিকল্প অনেক। সেই জায়গায় মিগুয়েল আটকে গেলে কোচ অস্কারের ঝুলিতে প্ল্যান বি নেই। পাঞ্জাব ম্যাচই তার প্রমাণ। তাই শুরুতেই গোলের জন্য ঝাঁপাক মোহন বাগান। কারণ এই ম্যাচে যে দল আগে গোল পাবে, তারাই অ্যাডভান্টেজে থাকবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ