নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালো পর্দায় গোটা বাসের জানলার কাচ ঢাকা। দেখা যাচ্ছে শুধু কোচ পানাজিওটিসকে। মুখ ব্যাজার। বাইরে তখন খবর পৌঁছে গিয়েছে, সাংবাদিক সম্মেলন না করেই হোটেলে ফিরছে সবুজ-মেরুন ব্রিগেড। সুযোগের সদ্ব্যবহারে দেরি করেননি ইস্ট বেঙ্গল সমর্থকরা। বিপক্ষ টিম বাস লক্ষ্য করে স্লোগান উঠল, ‘আমাদের জয়ের দিনে পালিয়ে গেল মোহন বাগান।’
কেন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন না পানোস? উত্তর খোঁজার জন্য আইজ্যাক নিউটন কিংবা আইনস্টাইন হওয়ার দরকার নেই। ব্যর্থতার জবাবদিহি করার জন্য বুকের পাটা দরকার। কিন্তু গ্রিক কোচের তা নেই বলেই মনে হচ্ছে অনেকের। এই হারের দায় নিতে হবে সবুজ-মেরুন কর্তৃপক্ষকেও। শুধু অর্থ খরচ করলেই সাফল্য মেলে না, প্রয়োজন নির্দিষ্ট পরিকল্পনার— এটা বোঝার সময় এসেছে। অনেকেই ক্লান্তির কথা তুলছেন। কিন্তু প্রথমার্ধেই ৪ গোল হজম করলে তা অজুহাতের মতোই শোনায়। মোদ্দা কথা, গেম প্ল্যানিংয়েই ভুল ছিল মোহন বাগানের। এমন ভঙ্গুর রক্ষণ নিয়ে ম্যাচ হারারই কথা, মত বিশেষজ্ঞদের। ম্যাচ শেষে তাই দলগঠন নিয়ে প্রশ্ন তুললেন সবুজ-মেরুন সমর্থকরা। সঙ্গে ছিল কোচ তাড়ানোর জোরালো দাবি।
এদিকে, রবিবার ফাইনাল দেখতে যুবভারতীতে বসেছিল চাঁদের হাট। দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন মধ্যমণি। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।