মোহন বাগান-৩ : কালীঘাট এমএস-০
মোহন বাগান-৩ : কালীঘাট এমএস-০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার সাত সকালে শহরে পা রেখেছিলেন মোহন বাগান সিনিয়র দলের গ্রিক কোচ পানাজিওটিস ডিম্পেরিস। এরপর ঘরোয়া লিগের ম্যাচে দেখতে সটান হাজির ভিআইপি বক্সে। রবিবার ঘরের মাঠে কালীঘাট এমএসের বিরুদ্ধে সিনিয়র দলের ৭ ফুটবলারকে নামিয়েছিল পালতোলা নৌকা বাহিনী। শুভাশিস বসু, সাহাল আব্দুল সামাদ সহ এক ঝাঁক ফুটবলার মাঠে নামলেও ৭২ মিনিট পর্যন্ত উদ্বিগ্নে কাটাতে হল দলকে। শেষ ১৮ মিনিটে প্রতিপক্ষকে ৩ গোল দিয়ে তিন পয়েন্ট তুলে নিল মোহন বাগান। লক্ষ্যভেদে সফল মনবীর সিং, তন্ময় দাস ও দীপ্যেন্দু বিশ্বাস। স্বস্তির হাসি মাঠ ছাড়লেন সিনিয়র দলের কোচ পানাজিওটিস। তবে নোটবুকে তুলে রাখলেন দলের ফিটনেসের ঘাটতির দিকগুলো। আগের ম্যাচে আটকে গেলেও চিফ কোচের সামনে জয়ের সরণিতে ফিরলেন সায়নরা।
আগামী শনিবার ডুরান্ড কাপের ডার্বি। ফুটবলারদের দ্রুত ফিট করতেই ভেকে, বিশাল, সাহালদের প্রথম একাদশে রাখা হয়। গোলশূন্য প্রথমার্ধে খেলা দানা বাঁধেনি।। তবে সুহেল ভাটের একাধিক সুযোগ নষ্টে বিরক্ত দেখাল গ্রিক কোচকে। এই পর্বে কালীঘাট এমএস কয়েকবার হানা দিলেও বিপদ ঘটতে দেননি বিশাল কাইথ। বিরতির পর মনবীর এবং লিস্টনকে মাঠে নামাতে খেলায় গতি আসে। শেষ পর্যন্ত ৭২ মিনিটে পেনাল্টি পায় মোহন বাগান। স্পটকিক থেকে গোল মনবীরের (১-০)। দিনের সেরা গোল অবশ্য তন্ময়ের। প্রায় ২০ গজের কামানের গোলা দাগলেন তিনি। বল আছড়ে পড়ে জালে (২-০)। এরপর হেডে লক্ষ্যভেদ দীপ্যেন্দুর (৩-০)। এদিকে, এদিন ডেজান ড্রাজিক ও অ্যালেক্স সাজির নাম ঘোষণা করল মোহন বাগান ম্যানেজমেন্ট। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলা সার্বিয়ান মিডিও গত দু’বছর এফসি গোয়ার দুরন্ত ছন্দ মেলে ধরেন। বুধবার শহরে আসছেন তিনি। পাশাপাশি সেন্টার ব্যাক পজিশনে এর আগে কেরল ব্লাস্টার্স ও নর্থ ইস্ট ইউনাইটেডে সাফল্য পেয়েছেন সাজি।