


বেঙ্গালুরু এফসি- ০ : মোহন বাগান- ০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে থামল মোহন বাগানের বিজয়রথ। মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচেই হোঁচট খেতে হল সের্গিও লোবেরা ব্রিগেডকে। শনিবার বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে গোলশূন্য ড্র পালতোলা নৌকার। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে হাসতে হাসতেই পুরো পয়েন্ট নিয়ে কলকাতার বিমান ধরতে পারতেন দিমিত্রিরা। ড্র করলেও ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল মোহন বাগান। সমসংখ্যক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানেই রইল বিএফসি।
আই লিগ থেকে আইএসএল—মোহন বাগান বনাম বেঙ্গালুরু এফসি’র লড়াই মানেই আলাদা উত্তেজনা। ২০১৫ সালে গার্ডেন সিটির কান্তিরাভা স্টেডিয়ামেই প্রথম আই লিগ জয়ের স্বাদ পেয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। গতবার ঘরের মাঠেও বিএফসি’কে হারিয়ে আইএসএল জেতেন দিমিত্রিরা। তাই শনিবার আরও একবার সুনীলদের বিরুদ্ধে তিন পয়েন্টের জন্যই ঝাঁপায় লোবেরা ব্রিগেড। একইসঙ্গে অ্যাওয়ে ম্যাচে রক্ষণ জমাট রাখতে লিগে প্রথমবারের জন্য জোড়া বিদেশি ডিফেন্ডারে দল সাজান বাগান কোচ।
চলতি মরশুমে সুনীলদের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়েই শনিবার মাঠে নেমেছিলেন তারা। তবে ঘরের মাঠে মোহন বাগানের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণের পথে হাঁটে বিএফসি। দ্বিতীয় মিনিটেই রায়ান উইলিয়ামসের শট রুখে পতন আটকান বিশাল। এরপর দূরপাল্লার শটে প্রতিপক্ষ গোলরক্ষককে চ্যালেঞ্জ জানান দিমিত্রি। এরপর অবশ্য প্রথমার্ধে সেভাবে কোনও আক্রমণ দেখা মেলেনি। এই পর্বে ম্যাকলারেনকে শান্ত রাখতে সফল বিএফসি কোচ রেনেডি। দু’টি স্তরে রক্ষণ সংগঠন করে মোহন বাগানকে রুখে দেন তিনি।
এবারের আইএসএলে দিমিত্রিকে নতুন পজিশনে ব্যবহার করছেন লোবেরা। গত কয়েক ম্যাচে তাঁর ও ম্যাকলারেনের যুগলবন্দি বারবার ফুল ফুটিয়েছিল। এদিন সেই সাপ্লাই লাইন বন্ধ করে দেন বেঙ্গালুরু ফুটবলাররা। পাশাপাশি, উইং থেকে বারবার গতি বাড়িয়ে বাগান বক্সে চাপ তৈরি করলেন আশিক কুরুনিয়ান-রোশন সিংরা। এই পর্বে অভিষেক সিংকে চাপে পড়তে দেখা যায়। এরইমধ্যে গোলের সুযোগ এসেছিল ম্যাকলারেনের সামনে। তবে অজি তারকার শট কোনওক্রমে বিপন্মুক্ত করেন ফানাই। ৮৫ মিনিটে দিনের সেরা সুযোগটি নষ্ট করেন দিমিত্রি। প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন তিনি। শেষলগ্নে গোলের লক্ষ্যে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন লোবেরা। কামিংসকে এনে আপফ্রন্টে লোক বাড়ান। কিন্তু দিমিত্রির কর্নার থেকে সুবিধাজনক অবস্থায় বল পেয়েও তিনকাঠিতে রাখতে ব্যর্থ আলবার্তো। সাইড বেঞ্চের সামনে দাঁড়ানো লোবেরা যা দেখে মাথায় হাত দেন।
মোহন বাগান: বিশাল, অভিষেক (রানাওয়াডে), আলড্রেড (কামিংস), আলবার্তো, শুভাশিস, মনবীর (অভিষেক), আপুইয়া, অনিরুদ্ধ, লিস্টন (কিয়ান), দিমিত্রি ও ম্যাকলারেন।