নর্থ ইস্ট ম্যাচ খেলতে আজ গুয়াহাটি যাচ্ছে মোহন বাগান
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাংবাদিক সম্মেলনের বেশ কিছুক্ষণ আগেই যুবভারতীতে হাজির মোহন বাগান কোচ পানোস। দু’দিন আগেই শিল্ড জিতেছে তাঁর দল। তা’ও আবার চিরপ্রতিদ্বন্দ্বীকে বশ মানিয়ে। গ্রিক কোচের মেজাজ তাই খুশ। তাঁকে মুঠোফোনে মহালয়ার বার্তা পাঠিয়েছেন কয়েকজন অনুরাগী। পাশে বসা মিডিয়া ম্যানেজারের কাছে বিষয়টা বুঝে নিতে চাইলেন মনবীরদের কোচ। পুজোয় কলকাতা ঘুরে দেখার ইচ্ছাও প্রবল। সবমিলিয়ে চাপের প্রেসার কুকার থেকে বেরনোর স্বস্তি পানোসের চোখেমুখে। তাঁর কোচিংয়ে ইতিমধ্যেই শিল্ড ঘরে তুলেছে গঙ্গাপাড়ের ক্লাব। এবার ভারতজয়ের লক্ষ্যে নামছেন পানোস। সোমবার আইএসএলে মিগুয়েলদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচ দিয়ে যাত্রা শুরু মোহন বাগানের। সবুজ-মেরুন সারথির গলায় চূড়ান্ত আত্মবিশ্বাস। পানোস বললেন, ‘নর্থ ইস্ট ভালো দল। তবে ছেলেরা ৩ পয়েন্টের জন্যই খেলবে।’ উল্লেখ্য, গত মরশুমে গোল পার্থক্যে আইএসএল জিতেছিল ইস্ট বেঙ্গল। খেতাব পুনরুদ্ধারে বদ্ধপরিকর সবুজ-মেরুন সারথি। পানোসের মন্তব্য, ‘খেয়াল করে দেখবেন, মোহন বাগান আক্রমণের তোড় তুললেও পেনাল্টি পায়নি।’ অনেকেরই মনে হয়েছে, নাম না করেই তিনি ইস্ট বেঙ্গলকেই বিঁধলেন। গতবার সিঙ্গল লেগের আইএসএলে একাধিক পেনাল্টি পেয়েছিল অস্কারের দল। তা নিয়ে তির্যক মন্তব্য করতে ছাড়েননি সবুজ-মেরুন সমর্থকরা।

Advertisement

চলতি মরশুমে ইতিমধ্যেই দু’বার আলেদাইনদের মুখোমুখি হয়েছে মোহন বাগান। ডুরান্ড কাপের সেমি-ফাইনালে বৃষ্টিভেজা শিলংয়ে বাজিমাত করেছিল মোহন বাগান। আইএফএ শিল্ডে মোহন বাগান মাঠে মিগুয়েলদের রুখে দিয়েছিল পেড্রো বেনালির দল। প্রশ্নপত্র তাই অনেকটাই কমন। তার উপর শিল্ডে ইস্ট বেঙ্গলের কাছে ৭ গেলে খেয়ে পাহাড়ে ফিরেছে নর্থ ইস্ট। অনেকেরই ধারণা, আলেদাইনদের গাঁট টপকে পুরো পয়েন্ট ছিনিয়ে নিতে পানোস ব্রিগেডের অসুবিধা হবে না। তবে সবুজ-মেরুন কোচ বেশ সতর্ক। পানোস বলেই দিলেন, ‘প্রতিপক্ষকে হেলাফেলা করা উচিত নয়। বেনালি বড়ো কোচ। আইএসএলে নর্থ ইস্ট নিজেদের গুছিয়ে নেবে।’ স্কট স্ট্রাইকার লি আরউইনের মন্তব্য, ‘গোল করতে তৈরি। সতীর্থরা দারুণ সাহায্য করছে।’
রবিবার সকালে যুবভারতীতে প্র্যাকটিসের পর গুয়াহাটি উড়ে যাবে মোহন বাগান। অজি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে দলের সঙ্গে নিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে। শিল্ডের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছিলেন ম্যাকা। রিহ্যাবের পর এদিন কিছুক্ষণ অনুশীলন করেন তিনি। তবে চোটের কারণে আশিস রাই নেই। গুয়াহাটি থেকে সরাসরি পরবর্তী ম্যাচ খেলতে রাজধানীতে পৌঁছাবে মোহন বাগান। সেখানে স্পোর্টিং দিল্লির (১৬ অক্টোবর) বিরুদ্ধে ম্যাচ খেলে শহরে ফেরার কথা ছাংতেদের।