Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ভ্যালেন্টাইনস ডে’তে সমর্থকদের জয় উপহার দিতে মরিয়া মোহন বাগান

রোজ ডে’তে শুরু। ভ্যালেন্টাইন ডে’তে মধুরেণ সমাপয়েৎ। ভালোবাসার সপ্তাহে লাল গোলাপ যেন হটকেক। রংদার উইক এন্ডে বাড়তি পাওনা ফাটাফাটি ফুটবল।

ভ্যালেন্টাইনস ডে’তে সমর্থকদের জয় উপহার দিতে মরিয়া মোহন বাগান
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০২
Prefer us on Google

শিবাজী চক্রবর্তী, কলকাতা: রোজ ডে’তে শুরু। ভ্যালেন্টাইন ডে’তে মধুরেণ সমাপয়েৎ। ভালোবাসার সপ্তাহে লাল গোলাপ যেন হটকেক। রংদার উইক এন্ডে বাড়তি পাওনা ফাটাফাটি ফুটবল। দীর্ঘ প্রতীক্ষার পর শনিবারের যুবভারতীতে ভারতীয় ফুটবলের প্রত্যাবর্তন।  আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামছে মোহন বাগান। ম্যাচের আগেই রীতিমতো হুংকার ছাড়লেন সবুজ-মেরুন জনতার নয়নের মণি দিমিত্রি পেত্রাতোস। সাংবাদিক বৈঠকে কোচ লোবেরার পাশে বসে অজি ফুটবলারের মন্তব্য, ‘ম্যাচ জিতে সমর্থকদের উপহার দিতে চাই। এবারের ভ্যালেন্টাইন ডে’র গিফট হবে এই তিন পয়েন্ট।’ দিমির পালস বুঝে তখন কোচ লোবেরাও মুচকি হাসছেন। স্প্যানিশ কোচের বডি ল্যাঙ্গুয়েজে চুঁইয়ে পড়ে আত্মবিশ্বাস।

Advertisement

আইএসএলে গতবারের চ্যাম্পিয়ন মোহন বাগান। ১৩ ম্যাচের লিগে দিমিত্রিরা এবারও অন্যতম ফেভারিট। শুধু কেরলকে হারিয়ে ফ্লাইং স্টার্ট চান লোবেরা। দীর্ঘ অনুশীলনে দলকে তৈরি করেছেন তিনি। মেদ ঝরিয়ে পেত্রাতোস, রবসনরা অনেক ঝরঝরে। প্রস্তুতির পালা শেষ। এবার শুরু আসল পরীক্ষা। কোন অস্ত্রে কেরলকে টেক্কা দিতে চান স্প্যানিশ কোচ? আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই গোলাগুলি ছুড়তে চান তিনি। নির্দিষ্ট প্যাটার্নে দলকে খেলান লোবেরা। বল পজেশন দখলে রেখে প্রতিপক্ষকে হতাশ করাই প্রাথমিক লক্ষ্য। এরপর শিকারকে গিলে খাওয়ার পালা। কেরলের বিরুদ্ধে কীভাবে দল সাজাচ্ছেন লোবেরা? গোলে বিশাল কাইথ চলতি মরশুমেও শ্রেষ্ঠত্ব প্রমাণে মরিয়া। ব্যাক ফোরে অময় রানওয়াডে, মেহতাব সিং, আলবার্তো ও শুভাশিস। অর্থাৎ মোলিনা জমানার দুই বিদেশি স্টাপারের একঘেয়ে ফর্মুলা পাল্টাতে চলেছেন লোবেরা। মাঝমাঠে প্রচুর অপশন। সেক্ষেত্রে ‘মিডল করিডর’ দখলে নিতে লোবেরার বাজি আপুয়াই ও সাহাল। প্রান্তিক আক্রমণে লিস্টন ও রবসনকে দিয়ে ডানা মেলতে চান তিনি। স্ট্রাইকারে পেত্রাতোসের সঙ্গী কামিংস বা ম্যাকলারেন। একাধিক গেমচেঞ্জার মোহন বাগানের সম্পদ। দ্রুত গোল পেলে টিম ম্যানেজমেন্টের চিন্তা কমবে। 
কেরল ব্লাস্টার্স কতটা ওজনদার? মাত্র দু’সপ্তাহের প্রস্তুতি নিয়ে কলকাতায় এসেছে তারা। দানিশ ফারুখ, রাওলিন বর্জেস, সন্দীপ সিং, নিহাল সুদেশরা আইএসএলের চেনা মুখ। নতুন ৫ বিদেশিকে রিক্রুট করেছে ম্যানেজমেন্ট। কিন্তু আদ্রিয়ান লুনা বা নোয়া সাদিউয়ের অভাব তাঁরা কতটা ঢাকতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকছেই। যদিও কোচ ডেভিড কাতালার মন্তব্য, ‘মোহন বাগান অন্যতম সেরা। তবে আমরা চ্যালেঞ্জ ছুড়তে তৈরি।’ শনিবার আইএলের দ্বিতীয় ম্যাচে ফাতোরদায় এফসি গোয়ার মুখোমুখি হবে ইন্টার কাশী।
যুবভারতীতে ম্যাচ শুরু বিকেল ৫টায়। সরাসরি সম্প্রচার ফ্যান কোড অ্যাপ ও সোনি স্পোর্টস চ্যানেলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ