Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

গোয়ার হারে খেতাবি দৌড়ে আরও সুবিধায় মোহন বাগান

৯ ম্যাচে পয়েন্ট ২০। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় মোহন বাগান। লম্বা বিরতির পর আগামী ৯ মে ফের মাঠে নামছে লোবেরা ব্রিগেড।

গোয়ার হারে খেতাবি দৌড়ে আরও সুবিধায় মোহন বাগান
  • ৩ মে, ২০২৬ ০৯:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯ ম্যাচে পয়েন্ট ২০। আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে সবচেয়ে সুবিধাজনক জায়গায় মোহন বাগান। লম্বা বিরতির পর আগামী ৯ মে ফের মাঠে নামছে লোবেরা ব্রিগেড। গোয়ার ফাতোরদায় তাদের প্রতিপক্ষ এফসি গোয়া। খেতাবি জয়ের দৌড়ে দারুণভাবে ছিল গোয়া। কিন্তু শুক্রবার ইস্পাতনগরীতে জামশেদপুরের বিরুদ্ধে ০-২ গোলে হার মানোলোর সব হিসাব ওলটপালট করে দিয়েছে। এই মুহূর্তে গোয়ার চ্যাম্পিয়নশিপের আশা ক্ষীণ। অন্যদিকে, চোখ চকচকে কামিংসদের। অ্যাওয়ে ম্যাচে গোয়াকে বশ মানাতে পারলেই আইএসএল ট্রফি ইডেনের কাছে এনে ফেলবেন লোবেরা। একইসঙ্গে ইস্ট বেঙ্গল পয়েন্ট খেয়ালে পোয়া বারো। সেক্ষেত্রে ডার্বিতেই আইএসএল জয়ের হ্যাটট্রিকের হাতছানি থাকবে মোহন বাগানের সামনে। আলমারি থেকে লম্বা পতাকা বার করে উৎসবের প্রস্তুতি শুরু করা উচিত মোহন বাগান সমর্থকদের।

Advertisement

পূর্ণশক্তির দল নিয়ে গোয়া যেতে মরিয়া সের্গিও লোবেরা। আলবার্তো ফিট হওয়ায় রক্ষণ নিয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। তবে আপুইয়াকে নিয়ে চিন্তার ভাঁজ থাকছেই। মিজো মিডিও কি গোয়া যেতে পারবেন? আগামী সপ্তাহের শুরুতে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। ঘরের মাঠে গোয়া অবশ্য প্রবল প্রতিপক্ষ। মানোলো মার্কুয়েজ একটা শেষ কামড় দিতে মরিয়া। সন্দেশ ঝিংগান, উদান্তা সিং, বরিস সিং, মহম্মদ নেমিলরা ছোট পাসে আক্রমণ শানাতে অভ্যস্ত। কার্ড সমস্যায় জামশেদপুরের বিরুদ্ধে ড্র্যাজিককে পাননি মানোলো। তাঁর চোটও রয়েছে। মোহন বাগানের বিরুদ্ধে ড্র্যাজিককে খেলাতে মরিয়া তিনি। 
এদিকে, রুদ্ধশ্বাস ম্যাচে ইন্টার কাশীকে ৩-২ গোলে হারাল নর্থ ইস্ট ইউনাইটেড। কাশীর ওয়েন ভাজকে মার্চিং অর্ডার দেন রেফারি। নর্থ ইস্টের গোলদাতা জিতিন, অ্যান্ডি রডরিগেজ ও পার্থিব। হাবাসের দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন সার্জিও ও মহম্মদ আসিফ। আপাতত ১০ ম্যাচে ১১ পয়েন্ট কাশীর। নর্থ ইস্টের সংগ্রহ ১০ পয়েন্ট। দিনের অপর ম্যাচে স্পোর্টিং দিল্লির সঙ্গে গোলশূন্য ড্র করল পাঞ্জাব।

Advertisement
সম্পর্কিত সংবাদ