শিবাজী চক্রবর্তী, কলকাতা: জিনসের সঙ্গে সাদা বা কালো শার্ট। কখনও গালে হাত দিয়ে চিন্তায় মগ্ন। কখনও বা ছটফটে। এক বছর আগেও ওড়িশা এফসি’র ডাগ-আউটে দেখা যেত সের্গিও লোবরোকে। শিবির বদলে স্প্যানিশ কোচ নৌকা ভিড়িয়েছেন গঙ্গাপাড়ের ক্লাবে। শুক্রবার যুবভারতীতে প্রাক্তন দলের বিরুদ্ধে লোবেরার লিটমাস টেস্ট। মোহন বাগান বনাম ওড়িশা এফসি ম্যাচে ক্যামেরার লেন্স বারবার খুঁজে বেড়াবে তাঁকে। তবে চলতি টুর্নামেন্টে জয়ের হ্যাটট্রিকের পর আত্মবিশ্বাসের তুঙ্গে কামিংসরা। শক্তির বিচারে বিশেষজ্ঞরাও এগিয়ে রাখছেন মোহন বাগানকেই। তবে লোবেরা বেশ সতর্ক। ম্যাচের আগে তাঁর মন্তব্য, ‘আমার কোচিংয়ে খেলা বেশ কিছু ফুটবলার রয়েছে ওড়িশায়। প্রতিপক্ষকে হেলাফেলা করছি না।’ উল্লেখ্য, চলতি মরশুমে আর্থিক সমস্যায় জেরবার মহানদীর পাড়ের ফ্র্যাঞ্চাইজি। একটা সময় আইএসলে খেলাই ছিল অনিশ্চিত। শেষ মুহূর্তে জোড়াতালি দিয়ে দল গড়েছে তারা। দেলগাডো, ভিপি সুহের, রহিম আলি, ইশাক রালতেদের কাছে দুর্গরক্ষাই বড় চ্যালেঞ্জ।
বৃহস্পতিবার বিকেলে যুবভারতীর প্র্যাকটিস মাঠে প্রস্তুতি সারল লোবেরা-ব্রিগেড। ম্যাচ দেখতে যাওয়ার পথে উঁকি মারলেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। পরের পর পয়েন্ট খুইয়ে চিরপ্রতিদ্বন্দীর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে তাদের। এমন চললে ডার্বি স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। যাই হোক, সামান্য ওয়ার্ম-আপের পরেই সাইডলাইনে বসে রইলেন রবসন। ওড়িশা এফসি’র বিরুদ্ধে তিনি নেই। মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ব্রাজিলিয়ান উইং হাফ। আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে রবসনকে। পরিবর্ত কে? এক্ষেত্রে লিস্টন-মনবীরের কম্বিনেশন ফেরাতে পারেন লোবেরা। তবে দিমিত্রি পেত্রাতোসের জায়গা বদলাচ্ছে না। জং ছাড়িয়ে দিমি এখন বর্শার ফলার মতো ঝকঝকে। বল ফিড করার পাশাপাশি জাল কাঁপাচ্ছেন। ওড়িশার বিরুদ্ধেও লক্ষ্যভেদে মুখিয়ে তিনি। এদিন হঠাৎই পেত্রাতোসের অসুস্থতা নিয়ে চর্চা শুরু হয়। তবে চিন্তার কারণ নেই। পুরো সুস্থ অজি ফুটবলার চুটিয়ে অনুশীলন করলেন।
ঘরের মাঠে অনুশীলন করেই কলকাতায় এসেছে ওড়শিা। অনুমান করাই যায়, ডিফেন্সিভ থার্ডে পায়ের জঙ্গল করে রক্ষণ আগলাবে ওড়িশা। এক্ষেত্রে দ্রুত গোল পেলে লোবেরার চাপ কমবে। নির্দিষ্ট প্যাটার্নে দলকে খেলান স্প্যানিশ কাচ। দুই উইং ব্যাকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ক্রমাগত ওভারল্যাপে এসে আক্রমণে সাহায্য করবেন তাঁরা। এদিকে, প্রথমে দর্শকশূন্য স্টেডিয়ামের কথা ঘোষণা করেও প্রবল চাপে পিছু হঠেছে ফেডারেশন। আংশিক ভর্তি স্টেডিয়ামে ম্যাচ হবে। প্রচুর সমর্থককে ম্যাচের টিকিট সংগ্রহ করতে দেখা যায়। ম্যাচ শুরু বিকেল পাঁচটায়। সম্প্রচার ফ্যান কোড ও সোনি স্পোর্টসে।